নির্বাচনী ব্যস্ততার ভিড়ে হাজারো মানুষের মাঝে দেখা এক শিশুকে ভুলে যাননি নারায়ণগঞ্জ-৪ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য আব্দুল্লাহ আল আমিন। ছোট্ট সেই সাক্ষাৎ আজ হয়ে উঠেছে এক মানবিক স্মৃতি।
গত ৭ ফেব্রুয়ারি নির্বাচনের আগে কুতুবপুর নয়ামাটি কেন্দ্রীয় মসজিদে এশার নামাজ শেষে মুসল্লিদের সঙ্গে কুশল বিনিময় করছিলেন তিনি। এ সময় হঠাৎ ভিড় ঠেলে সামনে এসে দাঁড়ায় আব্দুল্লাহ আল মামুন নামের এক শিশু। সরল কণ্ঠে তার প্রশ্ন—“আপনি কি আব্দুল্লাহ আল আমিন? শাপলা কলি? ইনশাআল্লাহ আপনি জিতবেন।”
শিশুটির অকৃত্রিম বিশ্বাস ও নিষ্পাপ শুভকামনা গভীরভাবে স্পর্শ করে প্রার্থীকে। সেদিনই মনে মনে সিদ্ধান্ত নেন, নির্বাচনে জয়ী হলে তিনি মামুনের বাড়িতে যাবেন এবং তার খোঁজ নেবেন।
পরবর্তীতে নারায়ণগঞ্জ-৪ আসনে বিজয়ী হন তিনি। দায়িত্ব, শুভেচ্ছা ও রাজনৈতিক ব্যস্ততার মাঝেও ভুলে যাননি সেই প্রতিশ্রুতি।
শনিবার (১৫ ফেব্রুয়ারি) বাদ আছর তিনি হাজির হন মামুনের বাড়িতে। পরিবারের সদস্যদের সঙ্গে সময় কাটান, কুশল বিনিময় করেন। শিশুটির মাথায় স্নেহের হাত রেখে তার পড়াশোনা ও ভবিষ্যৎ নিয়ে কথা বলেন এবং উজ্জ্বল আগামীর জন্য দোয়া ও শুভকামনা জানান।
মানবিক এই উদ্যোগ স্থানীয়দের মাঝেও ইতিবাচক সাড়া ফেলেছে।




















