ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে নারায়ণগঞ্জের পাঁচটি সংসদীয় আসনে ভোটগ্রহণের প্রথম সাড়ে চার ঘণ্টায় ৩৩ দশমিক ৪৫ শতাংশ ভোট পড়েছে বলে জানিয়েছেন জেলার রিটার্নিং কর্মকর্তার দায়িত্বে থাকা জেলা প্রশাসক মো. রায়হান কবির।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) দুপুর ১টার দিকে তিনি সাংবাদিকদের এ তথ্য জানান। তিনি বলেন, জেলার সব ভোটকেন্দ্রে শান্তিপূর্ণ ও সুশৃঙ্খল পরিবেশে ভোটগ্রহণ চলছে।
তবে কয়েকটি কেন্দ্রের বাইরে প্রার্থীদের সমর্থকদের পক্ষ থেকে হালকা বিশৃঙ্খলার চেষ্টা নিয়ে কিছু অভিযোগ পাওয়া গেছে বলেও উল্লেখ করেন তিনি। তার ভাষ্য, এসব অভিযোগ গুরুতর নয় এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে স্ট্রাইকিং ফোর্স প্রস্তুত রয়েছে। আশা করা হচ্ছে, দিনশেষে কোনো অপ্রীতিকর ঘটনা ছাড়াই ভোটগ্রহণ সম্পন্ন হবে।
দুপুর ১২টা পর্যন্ত প্রাপ্ত তথ্যানুযায়ী, নারায়ণগঞ্জ-১ আসনে ৩২ দশমিক ১১ শতাংশ, নারায়ণগঞ্জ-২ আসনে ৩৮ শতাংশ, নারায়ণগঞ্জ-৩ আসনে ৩৪ শতাংশ, নারায়ণগঞ্জ-৪ আসনে ৩০ দশমিক ৯০ শতাংশ এবং নারায়ণগঞ্জ-৫ আসনে প্রায় ৩৩ শতাংশ ভোট পড়েছে।



















