নারায়ণগঞ্জ-৩ আসনে বিএনপির প্রার্থী আজহারুল ইসলাম মান্নান বলেছেন, নির্বাচনে অংশগ্রহণের অধিকার সবার থাকলেও হুমকি-ধমকি দিয়ে ভোট আদায় করার কোনো সুযোগ নেই। ভয়ভীতি দেখিয়ে কখনোই জনগণের ভোট পাওয়া যায় না।
বুধবার (৪ ফেব্রুয়ারি) সিদ্ধিরগঞ্জের ৫ ও ৭ নম্বর ওয়ার্ডে নির্বাচনী প্রচারণা ও গণসংযোগকালে তিনি এসব কথা বলেন।
এ সময় মান্নান বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করেছেন, যার ফলে যে কেউ নির্বাচনে অংশ নিতে পারেন। তবে এর অর্থ এই নয় যে সিদ্ধিরগঞ্জবাসীকে হুমকি দিয়ে বা চাপ সৃষ্টি করে কিছু করা যাবে। এ ধরনের কর্মকাণ্ড কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।
তিনি আরও বলেন, জাতীয়তাবাদী দলের চেয়ারম্যান ও বিএনপির কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ সবসময় সিদ্ধিরগঞ্জবাসীর পাশে থাকবে। জনগণকে ভয় দেখিয়ে বা জোর করে নিজের ইচ্ছামতো কিছু করার সুযোগ কাউকে দেওয়া হবে না।
নির্বাচনী গণসংযোগে জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মাশিকুল ইসলাম রাজিব, জেলা বিএনপির সাবেক আহ্বায়ক মনিরুল ইসলাম রবি ছাড়াও জেলা ও সিদ্ধিরগঞ্জ বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।



















