স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের দায়িত্ব পেতে যাচ্ছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দলীয় ও সংশ্লিষ্ট সূত্রে এমন আভাস পাওয়া গেছে।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঠাকুরগাঁও-১ আসন থেকে দুই লাখ ৩৮ হাজার ৮৩৬ ভোট পেয়ে বিজয়ী হন তিনি। এর আগে ২০০১ সালের অষ্টম জাতীয় সংসদ নির্বাচনে একই আসন থেকে জয়লাভ করে কৃষি মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী এবং পরে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন।
১৯৪৮ সালের ২৬ জানুয়ারি ঠাকুরগাঁও জেলায় জন্মগ্রহণ করেন মির্জা ফখরুল। শিক্ষা জীবনে তিনি ঢাকা কলেজ থেকে উচ্চ মাধ্যমিক এবং ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ১৯৭২ সালে বিসিএস পরীক্ষায় উত্তীর্ণ হয়ে শিক্ষা ক্যাডারে যোগ দিয়ে বিভিন্ন সরকারি কলেজে অধ্যাপনা করেন।
পরবর্তীতে প্রশাসনিক দায়িত্বও পালন করেন তিনি। ১৯৭৯ সালে তৎকালীন উপ-প্রধানমন্ত্রী এসএ বারীর ব্যক্তিগত সচিব হিসেবে দায়িত্ব পালন করেন। পরে আবার শিক্ষকতায় ফিরে গিয়ে ঠাকুরগাঁও সরকারি কলেজে অর্থনীতির অধ্যাপক হিসেবে কর্মরত ছিলেন।
ছাত্রজীবন থেকেই রাজনীতির সঙ্গে যুক্ত মির্জা ফখরুল পূর্ব পাকিস্তান ছাত্র ইউনিয়নের রাজনীতিতে সক্রিয় ছিলেন। ১৯৬৯-এর গণঅভ্যুত্থানের সময় ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতির দায়িত্ব পালন করেন।
১৯৮৬ সালে শিক্ষকতা থেকে অব্যাহতি নিয়ে সক্রিয় রাজনীতিতে যুক্ত হন। ১৯৮৮ সালে ঠাকুরগাঁও পৌরসভার চেয়ারম্যান নির্বাচিত হন। পরবর্তীতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-তে যোগ দিয়ে জেলা সভাপতি ও কেন্দ্রীয় নেতৃত্বের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেন।
২০০৯ সালে বিএনপির পঞ্চম জাতীয় সম্মেলনে জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব নির্বাচিত হন তিনি। ২০১১ সালে খন্দকার দেলওয়ার হোসেনের মৃত্যুর পর ভারপ্রাপ্ত মহাসচিব এবং ২০১৬ সালের ষষ্ঠ জাতীয় সম্মেলনে দলের মহাসচিব হিসেবে নির্বাচিত হন মির্জা ফখরুল ইসলাম




















