বিএনপি জোট মনোনীত সংসদ সদস্য প্রার্থী মুফতি মনির হোসাইন কাসেমী বলেছেন, “আল্লাহ ততক্ষণ পর্যন্ত কোনো জাতির ভাগ্য পরিবর্তন করেন না, যতক্ষণ পর্যন্ত সেই জাতি নিজে নিজেদের ভাগ্য পরিবর্তনের চেষ্টা না করে। অতএব আমাদের ভাগ্য পরিবর্তন করতে হলে আমাদেরকেই সচেতন ও সতর্ক হতে হবে।”
মঙ্গলবার (২৭ জানুয়ারি) বিকাল ৩টায় নারায়ণগঞ্জের ফতুল্লা ইউনিয়নের ৫নং ওয়ার্ডের দক্ষিণ সস্তাপুরে আয়োজিত এক নির্বাচনী উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
বৈঠকে সভাপতিত্ব করেন নারায়ণগঞ্জ সদর থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক নাজমুল হক।
মুফতি মনির হোসাইন কাসেমী বলেন, “গত ১৭ বছর ধরে আমাদের ওপর যে নিষ্পেষণ ও নির্যাতন চালানো হয়েছে, সেই ফ্যাসিবাদ যেন নতুন মুখোশ পরে আবার ফিরে আসতে না পারে—সেই সিদ্ধান্ত আমাদেরকেই নিতে হবে। আজ আমাদের সামনে একটি সোনালি সুযোগ এসেছে, এই সুযোগ কাজে লাগাতে হবে।”
তিনি বলেন, “আগামী ১২ তারিখ যদি এ এলাকার মানুষ—হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ও মুসলমান—সঠিক সিদ্ধান্ত নেয়, তাহলে এই এলাকায় আর জলাবদ্ধতা থাকবে না, ড্রেনেজ সমস্যা থাকবে না, বিদ্যুৎ ও গ্যাস সংকট থাকবে না। তারেক রহমানের ঘোষিত মানবিক বাংলাদেশে রূপান্তরিত হবে ইনশাআল্লাহ। সঠিক সিদ্ধান্ত হলো—সারা বাংলায় ধানের শীষকে বিজয়ী করা। আর চারটি আসনে ধানের শীষের সঙ্গে সঙ্গে খেজুর গাছকে বিজয়ী করতে হবে। ফতুল্লায় আমাদের সিদ্ধান্ত একটাই—সিল মারো খেজুর গাছে। খেজুর গাছে সিল মারলে ধানের শীষ জিতবে, ধানের শীষ জিতলে বিএনপি ক্ষমতায় আসবে, আর বিএনপি ক্ষমতায় এলে তারেক রহমান প্রধানমন্ত্রী হবেন।”
তিনি ভোটারদের উদ্দেশে বলেন, “তারেক রহমানের নির্দেশ অনুযায়ী ১২ তারিখ অত্যন্ত সতর্কতার সঙ্গে ভোট কেন্দ্রে যেতে হবে। নিজে ভোট দিতে হবে এবং ভোট গণনা শেষে ফলাফল হাতে নিয়ে তবেই ঘরে ফিরতে হবে।”
বিশেষ অতিথির বক্তব্যে নারায়ণগঞ্জ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মাশুকুল ইসলাম রাজীব বলেন, “এই নির্বাচন আমাদের জাতীয় জীবনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তারেক রহমানের বার্তা একটাই—ব্যক্তির চেয়ে দল বড়, দলের চেয়ে দেশ বড়।”
তিনি বলেন, “মুফতি মনির হোসাইন কাসেমী একজন সৎ, ত্যাগী ও ইসলামী মূল্যবোধে বিশ্বাসী মানুষ। তিনি বিনা অপরাধে তিন বছর কারাবরণ করেছেন। ত্যাগী নেতার কষ্ট ত্যাগী নেতারাই বোঝে। তাই আমরা সবাই খেজুর গাছ প্রতীকের পক্ষে ঐক্যবদ্ধভাবে কাজ করবো ইনশাআল্লাহ।”
তিনি মা-বোনদের উদ্দেশে সতর্ক করে বলেন, “কিছু মানুষ সাহায্যের নামে আপনার জমানো মুষ্টি চাউলের টাকা তুলে রাজনৈতিক ষড়যন্ত্রে ব্যবহার করছে। এতে কোনো সওয়াব নেই, বরং গুনাহ হচ্ছে। তাই সবাইকে সচেতন থাকতে হবে।”
সভাপতির বক্তব্যে নারায়ণগঞ্জ সদর থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক নাজমুল হক বলেন, “খেজুর গাছে ভোট দিলে যোগ হবে ধানের শীষে। ধানের শীষে ভোট পড়লেই প্রধানমন্ত্রী হবেন তারেক রহমান। কিছু বহিস্কৃত নেতা মানুষকে বিভ্রান্ত করছে—এটি সুস্পষ্ট প্রতারণা।”
তিনি বলেন, “আমরা তারেক রহমানের নির্দেশ বাস্তবায়ন করবো। তিনি বলেছেন—ধানের শীষের সঙ্গে খেজুর গাছকেও বিজয়ী করতে হবে।”
উঠান বৈঠকে আরও উপস্থিত ছিলেন ফতুল্লা থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক রিয়াদ মোহাম্মদ চৌধুরী, ছাত্রবিষয়ক সম্পাদক সাগর সিদ্দিকীসহ স্থানীয় নেতাকর্মীরা।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন তোহিদ মাহমুদ।




















