নারায়ণগঞ্জের ফতুল্লার বিসিক শিল্প এলাকায় সংসদ সদস্য আব্দুল্লাহ আল আমিনকে অবরুদ্ধ করে রাখার ঘটনার বিষয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রতিবাদ জানিয়েছেন নিউ জেনারেশন্স বাংলাদেশ (এনজিবি)’র কেন্দ্রীয় আহ্বায়ক মেহরাব হোসেন প্রভাত।
তিনি নলেন, চব্বিশের জুলাই গণঅভ্যুত্থানকে ‘তাণ্ডব’ আখ্যা দিয়েছিলো বিকেএমইএ সভাপতি মোঃ হাতেম। আজ জামায়াতে ইসলামী কর্তৃক আয়োজিত এক ইফতার মাহফিলে নারায়ণগঞ্জ–৪ আসনের সংসদ সদস্য আব্দুল্লাহ আল আমিন বিকেএমইএ সভাপতি হাতেমকে ফ্যাসিস্টের দোসর বলায় আব্দুল্লাহ আল আমিনকে বিসিক এলাকায় ২ ঘন্টা অবরুদ্ধ করে রাখেন হাতেম সমর্থকরা যা প্রশাসনের দায়িত্বশীলতার প্রশ্ন তোলে।
আমরা স্পষ্ট দেখতে পারছি যে ফতুল্লার সাধারণ জনগন এখনো ফ্যাসিস্ট, চাঁদাবাজ, সন্ত্রাসীদের হাতে জিম্মি। একজন নির্বাচিত এমপি জনসম্মুখে অন্যায় কে অন্যায় বলেছেন বলে তাকেই আজ দু ঘন্টা অবরুদ্ধ করে রাখা হয়েছে এবং প্রশাসনের সামনেই এনসিপির কর্মীদের উপরে হাত তোলা হয়েছে , তাহলে সেখানে সাধারণ জনগন কিভাবে অন্যায়ের প্রতিবাদ করবে? অন্যায়কে অন্যায় বলার কারণে যেখানে এমপির নিরাপত্তা নেই সেখানে সাধারণ জনগণের জীবনের নিরাপত্তা কোথায়?
তিনি আরও বলেন, দোসর বলতে আমরা শুধু আওয়ামী লীগকেই বুঝি না, দোসর বলতে মনোভাবকে বুঝি যা মানুষের ব্যক্তিত্ত্বের মাঝে দেখা দেয়। জুলাই গণঅভ্যুত্থানে দুই হাজারেরও অধিক মানুষ শহীদ হয়েছেন, এখন পর্যন্ত তার কোনো সঠিক বিচার ব্যবস্থা আমরা দেখতে পারছি না। একের পর এক হত্যাকান্ড হয়েই চলেছে। শুধু মাত্র জুলাই না সকল হত্যাকান্ডের সঙ্গে জড়িতদের দ্রুত ও কঠোর শাস্তি নিশ্চিত করতে হবে।
আমরা মনে করি, সত্য উচ্চারণের সাহসই প্রকৃত নেতৃত্বের পরিচয়।



















