স্টাফ রিপোর্টার:
ছাত্র শক্তির নেত্রী আফসানা আহমেদ এক বিবৃতিতে বলেছেন, বর্তমান সরকারের প্রথম অগ্রাধিকার হওয়া উচিত ওসমান হাদি হত্যার বিচার নিশ্চিত করা। কিন্তু এখন পর্যন্ত এ বিষয়ে সরকারের দৃশ্যমান কোনো কার্যকর উদ্যোগ দেখা যাচ্ছে না বলে তিনি অভিযোগ করেন।
বিবৃতিতে তিনি আরও বলেন, জুলাই সনদ ও গণঅভ্যুত্থানের যে আকাঙ্ক্ষা জনগণ ধারণ করেছিল, সেই প্রত্যাশার সঙ্গে সাংঘর্ষিকভাবেই বিএনপি সরকারের যাত্রা শুরু হয়েছে। জনগণের আশা-আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটানোর পরিবর্তে সরকার ভিন্ন পথে হাঁটছে বলেও মন্তব্য করেন তিনি।
আফসানা আহমেদ স্পষ্টভাবে উল্লেখ করেন, ওসমান হাদি হত্যার বিচার প্রশ্নে কোনো ধরনের টালবাহানা ছাত্রসমাজ মেনে নেবে না। দ্রুত ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দোষীদের আইনের আওতায় এনে ন্যায়বিচার নিশ্চিত করার জন্য তিনি সরকারের প্রতি জোর দাবি জানান।
তিনি বলেন, ন্যায়বিচার প্রতিষ্ঠা ও জনগণের আস্থা পুনরুদ্ধারে এ হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত করা এখন সময়ের দাবি। এ বিষয়ে ছাত্র শক্তি রাজপথসহ সকল গণতান্ত্রিক কর্মসূচির মাধ্যমে সোচ্চার থাকবে বলেও তিনি জানান।
















