নারায়ণগঞ্জের কাশীপুরের নরসিংপুর এলাকায় রমজানকে সামনে রেখে ‘ফ্যামিলি কার্ড’ বিতরণের নামে প্রতারণার অভিযোগ উঠেছে এক স্থানীয় বিএনপি নেতা ও তার স্ত্রীর বিরুদ্ধে।
অভিযোগ অনুযায়ী, ৫০ টাকার বিনিময়ে প্রায় ৩০০ পরিবারের নারীদের কাছে এই কার্ড বিক্রি করা হয়। বলা হয়, কার্ড দেখিয়ে প্রতি মাসে ১ হাজার ২৮৫ টাকায় ১ হাজার ৭২৫ টাকার পণ্য কেনা যাবে। দরিদ্র ও সহজ-সরল নারীদের লক্ষ্য করে এই প্রলোভন দেখানো হয়েছে বলে দাবি ভুক্তভোগীদের।
আজ সকালে কার্ডধারীদের প্রথম কিস্তির পণ্য দেওয়ার কথা ছিল। তবে সকাল গড়িয়ে দুপুর হলেও নির্ধারিত স্থানে কোনো পণ্য না পৌঁছালে সন্দেহের সৃষ্টি হয়। পরে তারা বুঝতে পারেন, এটি প্রতারণা হতে পারে।
ঘটনায় ক্ষতিগ্রস্তরা ক্ষোভ প্রকাশ করেছেন এবং প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন। বিষয়টি নিয়ে স্থানীয়ভাবে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।



















