ঢাকা-৮ আসনের সংসদ সদস্য এবং প্রধানমন্ত্রী তারেক রহমানের রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাসকে নিয়ে আপত্তিকর মন্তব্যের ঘটনায় দুঃখ প্রকাশ করেছেন কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ।
বৃহস্পতিবার (৫ মার্চ) রাত ৯টা ১১ মিনিটে নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি এ দুঃখ প্রকাশ করেন।
পোস্টে হাসনাত আব্দুল্লাহ উল্লেখ করেন, সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও ছড়িয়ে পড়েছে, যেখানে বিএনপির একজন সিনিয়র নেতাকে নিয়ে তাকে আপত্তিকর মন্তব্য করতে দেখা যায়। ভিডিওটিতে একটি শিশুর কথাও শোনা যায়, যা বিষয়টিকে আরও সংবেদনশীল করে তুলেছে।
তিনি জানান, ভিডিওটি নির্বাচনকালীন সময়ে ধারণ করা হয়েছিল এবং এটি মূলত একটি ক্লোজড গ্রুপে সীমাবদ্ধ ছিল। তবে সম্প্রতি সেটি বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।
এমপি হাসনাত বলেন, ভিডিওটির জন্য তিনি নিঃশর্তভাবে আন্তরিক দুঃখ প্রকাশ করছেন এবং এ ধরনের মন্তব্য করা কোনোভাবেই ঠিক হয়নি। ভবিষ্যতে যেন এমন অনাকাঙ্ক্ষিত ঘটনা না ঘটে এবং রাজনৈতিক অঙ্গনে পারস্পরিক শালীনতা ও সৌহার্দ্য বজায় থাকে সে বিষয়ে তিনি প্রতিশ্রুতিবদ্ধ।
ফেসবুক পোস্টে তিনি আরও বলেন, ফ্যাসিবাদ-পরবর্তী রাজনীতিতে ব্যক্তিগত আক্রমণ, ঘৃণা কিংবা বিদ্বেষ ছড়িয়ে রাজনৈতিক সৌহার্দ্য ও পারস্পরিক শ্রদ্ধাবোধ নষ্ট করার সংস্কৃতিকে তারা সমর্থন করেন না। সুস্থ, সহনশীল ও দায়িত্বশীল রাজনৈতিক চর্চাই সবার প্রত্যাশা বলেও উল্লেখ করেন তিনি।



















