নারায়ণগঞ্জের বক্তাবলী ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড বিএনপির কার্যালয়ে সাবেক প্রধানমন্ত্রী ও বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। একই অনুষ্ঠানে নারায়ণগঞ্জ-৪ আসনের বিএনপি জোট সমর্থিত প্রার্থীর নির্বাচনী ক্যাম্পও উদ্বোধন করা হয়।
বুধবার (২১ জানুয়ারি) বাদ আছর এ মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
স্থানীয় বিএনপি নেতা সলিম বেপারী ও রহিম উদ্দিনের উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে আলোচনা শেষে বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।
দোয়া মাহফিলের পাশাপাশি ৫ নম্বর ওয়ার্ড বিএনপির কার্যালয়কে আনুষ্ঠানিকভাবে নারায়ণগঞ্জ-৪ আসনের বিএনপি জোট সমর্থিত প্রার্থীর নির্বাচনী ক্যাম্প হিসেবে উদ্বোধন করা হয়।
অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বক্তাবলী ইউনিয়ন বিএনপির সভাপতি নজরুল ইসলাম প্রধান এবং সাধারণ সম্পাদক মতিউর রহমান ফকির। এছাড়াও বক্তাবলী ইউনিয়ন বিএনপির বিভিন্ন স্তরের নেতাকর্মীরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে গণতন্ত্র পুনরুদ্ধার ও জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে বিএনপি ঐক্যবদ্ধভাবে কাজ করছে। আগামী নির্বাচনে জনগণের সমর্থনে বিএনপি জোট বিজয়ী হবে বলেও তারা আশাবাদ ব্যক্ত করেন।




















