নারায়ণগঞ্জ-৫ আসনে ধানের শীষ এবং নারায়ণগঞ্জ-৪ আসনে খেজুর গাছ প্রতীকের পক্ষে নেতা-কর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার নির্দেশনা দিয়েছেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান।
মঙ্গলবার (১৩ জানুয়ারি) বিকেলে নগরীর ১৩ নম্বর ওয়ার্ডের বেগম রোকেয়া খন্দকার পৌর উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ নির্দেশনা দেন।
এ উপলক্ষে বিএনপির প্রয়াত চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রূহের মাগফেরাত কামনায় বিশেষ দোয়া মাহফিল এবং শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করা হয়।
অনুষ্ঠানে বক্তব্যে সাখাওয়াত হোসেন খান বলেন, নির্বাচন আচরণবিধির কারণে আনুষ্ঠানিক নির্বাচনী বক্তব্য দেওয়া সম্ভব নয়। তবে তিনি জোটগত রাজনীতির বিষয়টি তুলে ধরে বলেন, নারায়ণগঞ্জের পাঁচটি আসনের মধ্যে পাঁচ আসনেই বিএনপি ও জোট শরিকদের প্রার্থী রয়েছে। নারায়ণগঞ্জ-৫ আসনে ধানের শীষ প্রতীকের প্রার্থী হচ্ছেন অ্যাডভোকেট আবুল কালাম।
তিনি বলেন, নারায়ণগঞ্জ-৪ আসনের ভোটারদের উদ্দেশে বলতে চাই, সেখানে বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের মনোনীত প্রার্থী মুফতি মনির হোসাইন কাসেমী প্রতিদ্বন্দ্বিতা করছেন। তার প্রতীক খেজুর গাছ। এ দুই আসনেই দলের প্রতীকের পক্ষে সকলে ঐক্যবদ্ধভাবে কাজ করবেন—এটাই প্রত্যাশা।
আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য জাতীয় সংসদ নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, বিএনপি নারী ভোটারদের জন্য বিশেষ নীতিমালা ঘোষণা করেছে। দেশের মোট ভোটারের একটি বড় অংশ নারী হওয়ায় বিএনপি সবসময় তাদের গুরুত্ব দিয়ে এসেছে।
তিনি স্মরণ করিয়ে দেন, বিএনপি সরকার পরিচালনার সময় নারীদের জন্য ডিগ্রি পর্যন্ত বিনামূল্যে শিক্ষার ব্যবস্থা চালু করা হয়েছিল।
নারী কল্যাণে ভবিষ্যৎ পরিকল্পনার কথা তুলে ধরে তিনি বলেন, বিএনপি ক্ষমতায় এলে তারেক রহমানের নেতৃত্বে প্রথম পর্যায়ে ৫০ লাখ নারীকে ‘ফ্যামিলি কার্ড’ প্রদান করা হবে। এই কার্ড ব্যাংক হিসাবের মতো কাজ করবে।
তিনি জানান, প্রতি মাসের ৩০ তারিখে পরিবারের নারী প্রধানের নামে ২ হাজার ৫০০ টাকা জমা হবে। পাশাপাশি চাল, তেল, লবণ, আলু ও ডালের মতো নিত্যপ্রয়োজনীয় পণ্যের সহায়তা দেওয়া হবে, যার বাজারমূল্য প্রায় ২ হাজার ৩০০ থেকে ২ হাজার ৪০০ টাকা।
সাখাওয়াত হোসেন খান বলেন, এই উদ্যোগ নারীদের আর্থিক ক্ষমতায়ন ও পরিবারের ন্যূনতম চাহিদা পূরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। পর্যায়ক্রমে সব পরিবারকে এই কর্মসূচির আওতায় আনা হবে।




















