নারায়ণগঞ্জের ফতুল্লায় দাবিকৃত এক লাখ টাকা চাঁদা না পেয়ে গোলাম কিবরিয়া সাগর (১৯) নামে এক যুবককে অপহরণ করে আটকে রেখে নির্যাতনের অভিযোগে দুই ভাইকে আটক করেছে পুলিশ। ঘটনার প্রায় ৪৮ ঘণ্টা পর অপহৃত যুবককে উদ্ধার করা হয়।
বুধবার (১৪ জানুয়ারি) রাতে ফতুল্লার লালখাঁ এলাকা থেকে অভিযুক্ত দুই ভাইকে আটক করা হয়।
আটককৃতরা হলেন— লালখাঁ এলাকার আনোয়ার মাস্টারের ছেলে হৃদয় (৩২) ও সৌরভ (২২)। স্থানীয়দের অভিযোগ, এর আগেও তাদের বিরুদ্ধে নারী নির্যাতনসহ বিভিন্ন অপকর্মের অভিযোগ রয়েছে।
পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ১২ জানুয়ারি সন্ধ্যায় গোলাম কিবরিয়া সাগর বাড়ি থেকে বের হয়ে আর ফিরে আসেননি। পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাননি। পরে সাগরের মা জানতে পারেন, হৃদয় ও তার সহযোগীরা সাগরকে আটকে রেখে এক লাখ টাকা মুক্তিপণ দাবি করছে।
ছেলেকে উদ্ধারের আশায় সাগরের মা কাকলী বেগম স্থানীয় জনপ্রতিনিধিসহ বিভিন্ন ব্যক্তির কাছে ধর্ণা দিয়েও কোনো সহায়তা না পেয়ে শেষ পর্যন্ত ফতুল্লা মডেল থানায় অভিযোগ করেন।
অভিযোগের ভিত্তিতে পুলিশ তথ্যপ্রযুক্তির সহায়তায় অভিযান চালিয়ে লালখাঁ এলাকা থেকে অপহৃত সাগরকে উদ্ধার করে এবং ঘটনার সঙ্গে জড়িত দুই ভাইকে আটক করে।
ফতুল্লা মডেল থানার উপপরিদর্শক (এসআই) শামীম আহমেদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন,
“রাস্তা থেকে তুলে নিয়ে এক যুবককে আটকে রেখে মুক্তিপণ দাবি করার অভিযোগে অভিযান চালানো হয়। অভিযানে ভুক্তভোগীকে উদ্ধার করা হয়েছে এবং দুইজনকে আটক করা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িত অন্যদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।”




















