নারায়ণগঞ্জ-৪ আসনের স্বতন্ত্র প্রার্থী শাহ আলম অভিযোগ করেছেন, তার জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে কিছু ছোটখাটো বিষয়কে বড় ইস্যু হিসেবে তুলে ধরার চেষ্টা করা হচ্ছে।
শুক্রবার (৬ ফেব্রুয়ারি) বিকেলে ফতুল্লার কুতুবপুর ইউনিয়নের পাগলা বাজার, রেললাইন, বউ বাজার ও শাহি বাজার এলাকায় গণসংযোগকালে তিনি এসব কথা বলেন।
শাহ আলম বলেন, নির্বাচনে মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করবে, তাই ছোটখাটো বিষয় নিয়ে বাড়াবাড়ি করার কিছু নেই। তিনি আরও জানান, যারা এই বিষয় নিয়ে মামলা করেছে, তাদের উদ্দেশে বলেন এটি দুঃখজনক এবং লজ্জাজনক। তিনি বলেন, তার পরিবার—স্ত্রী, পুত্র ও কন্যা—রাজনীতির সঙ্গে জড়িত নয়, কিন্তু মামলায় দু’জনের নাম দেওয়া হয়েছে, যা প্রতিহিংসার পরিচয় বহন করে।
প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের উদ্দেশে শাহ আলম বলেন, কোনো অভিযোগ থাকলে সরাসরি জানান। এভাবে মামলা করে তাকে সামাজিকভাবে হেয় করা হয়েছে, যা লজ্জার। তিনি আরও বলেন, নির্বাচনের শেষ পর্যায়ে নানা কৌশলে অস্থিরতা তৈরির চেষ্টা চলছে, যা নির্বাচনের পরিবেশ নষ্ট করতে পারে। তবে প্রশাসন তাকে আশ্বস্ত করেছে যে এবারের নির্বাচন হবে নিরপেক্ষ ও সুষ্ঠু।
শাহ আলম আশাবাদ ব্যক্ত করেন, প্রশাসন যদি নিরপেক্ষ থাকে এবং ভোটাররা স্বতঃস্ফূর্তভাবে ভোট দেন, তাহলে জনগণ হরিণ প্রতীকে ভোট দিয়ে তাকে বিজয়ী করবে।
এদিকে, গণসংযোগ চলাকালে বিকেলে বউ বাজার এলাকায় বিএনপি জোট প্রার্থী মুফতি মনির হোসাইন কাসেমীও অংশগ্রহণ করেন।




















