বন্দর উপজেলার একটি ডোবা থেকে উদ্ধার হওয়া অজ্ঞাত যুবকের মরদেহের পরিচয় শনাক্ত করেছে পুলিশ। নিহত যুবকের নাম আরমান। তিনি কক্সবাজার জেলার চকরিয়া উপজেলার মধ্য কোনাগটা এলাকার মৃত ইসমাইল হোসেনের ছেলে। পেশায় তিনি একজন দিনমজুর ছিলেন।
খবর পেয়ে গত শুক্রবার (৬ ফেব্রুয়ারি) নিহতের বড় ভাই ফোরকান এবং মামা মোস্তাক আহাম্মেদ বন্দর থানায় এসে মরদেহটি শনাক্ত করেন।
এর আগে, গত বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) সকাল আনুমানিক ১০টার দিকে বন্দর উপজেলার ধামগড় ইউনিয়নের ইস্ট টাউন হাউজিং এলাকার লারিজ ফ্যাশনের পেছনের একটি ডোবা থেকে মরদেহটি উদ্ধার করে পুলিশ। পরে সুরতহাল প্রতিবেদন প্রস্তুত শেষে মরদেহটি ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়।
নিহতের বড় ভাই ক্ষুদ্র ব্যবসায়ী ফোরকান জানান, প্রায় তিন মাস আগে তার ছোট ভাই আরমান কাউকে কিছু না জানিয়ে বাড়ি থেকে বেরিয়ে যান। মাঝে মধ্যে ফোনে কথা হলেও কোথায় থাকতেন বা কী কাজ করতেন এসব বিষয়ে কিছুই জানাতেন না। সর্বশেষ শবে বরাতের দিন, গত মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) তার সঙ্গে ফোনে কথা হয়। এরপর থেকে আর কোনো যোগাযোগ পাওয়া যায়নি।
ধামগড় ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) মাহমুদ আলম জানান, স্থানীয়রা ডোবায় একটি অজ্ঞাত মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়। পরে ঘটনাস্থলে গিয়ে লাশের সঙ্গে থাকা একটি মোবাইল ফোন ও পরিহিত কাপড়-চোপড় জব্দ করা হয়। প্রাথমিক তদন্ত ও প্রযুক্তির সহায়তায় জব্দকৃত মোবাইল ফোনের কললিস্ট, সিডিআর বিশ্লেষণ করে নিহতের স্বজনদের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয় এবং পরিচয় নিশ্চিত করা হয়।
বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মুক্তার আশরাফ উদ্দিন জানান, এ ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে একটি হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে। পাশাপাশি ঘটনার প্রকৃত রহস্য উদ্ঘাটন এবং জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশ কাজ করছে। ময়নাতদন্তের প্রতিবেদন হাতে পাওয়ার পর মৃত্যুর সঠিক কারণ নিশ্চিত হওয়া যাবে।



















