দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে নারায়ণগঞ্জের ফতুল্লা ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড বিএনপির কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। একই সঙ্গে ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডের মোট ২০ জন নেতাকর্মীকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।
রোববার (৮ ফেব্রুয়ারি) দুপুরে ফতুল্লা ইউনিয়ন বিএনপির সভাপতি হাসান মাহমুদ পলাশ ও সাধারণ সম্পাদক মো. আলমগীর হোসেনের স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্তের কথা জানানো হয়।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এ সাংগঠনিক আদেশ কার্যকর থাকবে।
বহিষ্কৃত নেতাকর্মীদের মধ্যে রয়েছেন—৬ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি খোরশেদ আলম খসরু, সাধারণ সম্পাদক সাজেদুল ইসলাম সেলিম ও সদস্য মাখলেকুল মান্নান পায়েল। এছাড়া ৪ নম্বর ওয়ার্ড বিএনপির সহ-সভাপতি সৈয়দ জাকির হোসেন, ৫ নম্বর ওয়ার্ডের সহ-সভাপতি হাবিবুর রহমান হাবুল, ২ নম্বর ওয়ার্ডের সাংগঠনিক সম্পাদক জাহিদ হাসান এবং ৮ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম ডালিমসহ একাধিক নেতা বহিষ্কারের তালিকায় রয়েছেন।
তালিকায় আরও আছেন ৮ নম্বর ওয়ার্ডের সহ-সভাপতি সফিউর রহমান রাজ, সাংগঠনিক সম্পাদক রওশন আলী, মহিলা বিষয়ক সম্পাদক রহিমা আক্তার, প্রচার সম্পাদক তপু রহমান, সদস্য হানিফ শেখ ও আবুল হেসেন খোকন। পাশাপাশি শ্রম বিষয়ক সম্পাদক মো. শহিদ, ৭ নম্বর ওয়ার্ড বিএনপির অর্থ সম্পাদক ডা. জাহাঙ্গীর আলম এবং সদস্য মাজহারুল ইসলাম, মেস্তাক আল মামুন, মিছির আলী ও সোহরাব হোসেনকেও বহিষ্কার করা হয়েছে।
প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, দলীয় শৃঙ্খলা ভঙ্গের সুস্পষ্ট অভিযোগের ভিত্তিতেই এ সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।




















