নবনির্বাচিত সরকার দায়িত্ব গ্রহণের পর নির্দেশনা পেলেই সেনাবাহিনী ব্যারাকে ফিরে যাবে বলে জানিয়েছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। নির্বাচনের সময় অতিরিক্ত মোতায়েন করা সেনা ফোর্সের সংখ্যা ইতোমধ্যেই কমানো হয়েছে।
আজ রোববার (১৫ ফেব্রুয়ারি) সকাল ১১টায় সিএএস দরবারে সেনাবাহিনীর সব পদমর্যাদার সদস্যদের উদ্দেশে দেওয়া ভাষণে সেনাপ্রধান বলেন, দেশ গণতান্ত্রিক ধারায় ফিরে এসেছে এবং সেনাবাহিনী তাদের দায়িত্ব যথাযথভাবে সম্পন্ন করেছে। নির্বাচনী দায়িত্ব পালনের সময় সেনাসদস্যদের ‘চমৎকার দায়িত্বশীলতা’ ও দক্ষতার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি।
ভাষণে তিনি আরও জানান, সরকারের নির্দেশনা পেলেই সেনাবাহিনী ব্যারাকে ফিরে যাবে। এছাড়া ইউনিটপ্রধানদের চেইন অব কমান্ড বজায় রাখার ওপর জোর দিয়েছেন এবং সেনাসদস্যদের মনোবল দৃঢ় রাখতে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে নির্দেশ দিয়েছেন। মিসইনফরমেশন ও ডিসইনফরমেশন বিষয়ে সতর্ক থাকার আহ্বানও জানান সেনাপ্রধান।
নির্বাচনের সময় অতিরিক্ত মোতায়েন করা ফোর্স ইতিমধ্যেই কমিয়ে আনা হয়েছে, যা দেশের জনগণের স্বার্থে সম্পন্ন দায়িত্বের অংশ হিসেবে ব্যাখ্যা করেছেন সেনাপ্রধান।



















