নারায়ণগঞ্জ শহরের জলাবদ্ধতা নিরসন ও পরিবেশ উন্নয়নের লক্ষ্য নিয়ে গঞ্জে আলী খাল খনন কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। এ কার্যক্রমের উদ্বোধন করেন নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের (নাসিক) প্রশাসক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান।
মঙ্গলবার (১০ মার্চ) শহরের ১২ নম্বর ওয়ার্ডের গঞ্জে আলী খাল এলাকায় আনুষ্ঠানিকভাবে এ খনন কার্যক্রম শুরু করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে সাখাওয়াত হোসেন খান বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী নারায়ণগঞ্জের উন্নয়ন কার্যক্রম এগিয়ে নেওয়া হচ্ছে। শহরে যে পরিবর্তনের ধারা শুরু হয়েছে, তা অব্যাহত রেখে নারায়ণগঞ্জকে আধুনিক, পরিচ্ছন্ন ও ডেঙ্গুমুক্ত নগরীতে রূপান্তর করা হবে।
তিনি জানান, সিটি করপোরেশনের নিজস্ব ভেকু (খননযন্ত্র) না থাকায় খাল খননের কাজে সহায়তার জন্য রংপুর সিটি করপোরেশন থেকে একটি ভেকু আনা হয়েছে। শহরের অন্যান্য খালও পর্যায়ক্রমে পরিষ্কার করা এবং দখলমুক্ত করার উদ্যোগ নেওয়া হবে।
সাখাওয়াত হোসেন খান বলেন, খালগুলো পরিষ্কার করা গেলে পরিবেশের উন্নয়ন ঘটবে। পাশাপাশি খালের চারপাশে বৃক্ষরোপণের মাধ্যমে নারায়ণগঞ্জকে একটি সবুজ নগরী বা ‘গ্রিন সিটি’ হিসেবে গড়ে তোলার পরিকল্পনাও রয়েছে।
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধের বিষয়েও গুরুত্বারোপ করেন তিনি। বলেন, ময়লা-আবর্জনা পরিষ্কার ও জলাবদ্ধতা কমাতে পারলে বর্ষাবাহিত রোগের ঝুঁকি অনেকাংশে কমে যাবে। খালের আশপাশে বসবাসকারীদের জন্য মশা নিধনের ব্যবস্থাও নেওয়া হবে।
তিনি আরও বলেন, নারায়ণগঞ্জ শহরকে জলাবদ্ধতামুক্ত করা এবং নগরবাসীর জন্য সুপেয় পানির ব্যবস্থা নিশ্চিত করার পরিকল্পনা ইতোমধ্যে নেওয়া হয়েছে। এসব কাজ সময়সাপেক্ষ হলেও বর্ষা মৌসুমের আগেই ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন সম্পন্ন করার চেষ্টা চলছে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নাসিকের ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তা মো. নূর কুতুবুল আলম, ১২ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ও মহানগর বিএনপি নেতা শওকত হাশেম শকুসহ স্থানীয় নেতৃবৃন্দ ও এলাকাবাসী।



















