রক্তঝরা জুলাইয়ের ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে শাহাদাত বরণকারী বীর শহীদদের স্মরণে বিশেষ কোরআন খতম ও দোয়া মাহফিল আয়োজন করেছে জাতীয় যুবশক্তি, নারায়ণগঞ্জ জেলা শাখা। গত রোববার (১৫ মার্চ) পবিত্র রমজান উপলক্ষে শহরের একটি মিলনায়তনে ইফতার মাহফিল ও আলোচনা সভার মাধ্যমে এ কর্মসূচি পালিত হয়।
জাতীয় যুবশক্তির কেন্দ্রীয় সংগঠক নিরব রায়হান-এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আব্দুল্লাহ আল আমিন। প্রধান বক্তা ছিলেন সংগঠনের আহ্বায়ক অ্যাডভোকেট তারিকুল ইসলাম এবং বিশেষ অতিথি ছিলেন সদস্য সচিব ডা. জাহেদুল ইসলাম।
অনুষ্ঠানে শহীদদের আত্মার মাগফিরাত কামনায় পবিত্র কোরআন খতম করেন জেলা যুবশক্তির সংগঠক সোহাইল ইসলাম ইফতি। মোনাজাতে শহীদদের জান্নাতুল ফেরদাউস নসিবের প্রার্থনা এবং জাতীয় যুবশক্তির নেতা আলামিন ভাইয়ের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করা হয়।
জাতীয় যুবশক্তি নারায়ণগঞ্জ জেলা তরুণ সংগঠক সোহাইল ইসলাম ইফতি তার অনুভূতি ব্যক্ত করতে গিয়ে বলেন, “ইতিহাসের পাতায় ২৪শে জুলাই এক বেদনাবিধুর অথচ গৌরবের দিন। আমাদের যে ভাই-বোনেরা রক্তের বিনিময়ে ন্যায়ের পথ প্রশস্ত করেছেন, তাদের বিদেহী আত্মার শান্তি কামনা আমাদের নৈতিক দায়িত্ব। একইসাথে আমাদের শ্রদ্ধেয় সংসদ সদস্য আব্দুল্লাহ আল আলামিন ভাইয়ের সুযোগ্য নেতৃত্বে দেশ ও দশের কল্যাণে কাজ করে যেতে আমরা মহান আল্লাহর সাহায্য প্রার্থনা করছি।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, মহানগর ইসলামী আন্দোলনের সভাপতি মুফতি মাছুম বিল্লাহ, মহানগর খেলাফত মজলিসের সাধারণ সম্পাদক ইলিয়াস আহমেদ, জেলা যুবদলের আহ্বায়ক সাদেকুর রহমান সাদেক, জাতীয় যুবশক্তি জেলা সদস্য সচিব নাছিম, যুগ্ম আহবায়ক বাধন, মূখ্য সংগঠক রাইসুল ইসলামসহ জাতীয় যুবশক্তির কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।


















