আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নারায়ণগঞ্জ-৩ (সিদ্ধিরগঞ্জ-সোনারগাঁ) আসনের স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী বীর মুক্তিযোদ্ধা মুহাম্মদ গিয়াসউদ্দিন বলেছেন, তিনি জন্মভূমির মানুষের পাশে ছিলেন, আছেন এবং আজীবন থাকবেন।
রোববার (১ ফেব্রুয়ারি) বিকেলে সিদ্ধিরগঞ্জের ৩ নম্বর ওয়ার্ডে সর্বস্তরের জনগণের আয়োজনে এক নির্বাচনী পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “আমার জন্ম এই এলাকায়। আল্লাহর কাছে কামনা করি, মৃত্যুও যেন এই এলাকাতেই হয়। যতদিন বেঁচে থাকবো, ততদিন দেশ ও দেশের মানুষের কল্যাণে কাজ করে যেতে চাই।”
তিনি বলেন, মানুষ যেখানে বসবাস করে, সেখানে তার ভালোবাসা ও দায়বদ্ধতা তৈরি হয়। দেশের বিভিন্ন জেলা থেকে এসে যারা সিদ্ধিরগঞ্জে বসতি স্থাপন করেছেন, তারাও এ এলাকার মানুষ ও মাটিকে ভালোবাসেন। “আর আমি তো এই মাটির সন্তান—এই মাটিতে জন্ম, এই মাটির আলো-বাতাসে বড় হয়েছি,” বলেন গিয়াসউদ্দিন।
নিজের রাজনৈতিক ও সামাজিক জীবনের ধারাবাহিকতা তুলে ধরে তিনি বলেন, ছাত্রজীবন থেকেই তিনি মানুষের সেবায় নিয়োজিত। জনগণের উদ্দেশে প্রশ্ন রেখে তিনি বলেন, “আমি যদি দায়িত্ব পালনে ব্যর্থ হতাম, তাহলে কি আপনারা আমাকে একাধিকবার চেয়ারম্যান নির্বাচিত করতেন? কিংবা বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্বে দায়িত্বশীল করতেন?”
তিনি আরও বলেন, সততা ও নিষ্ঠার সঙ্গে কাজ করাই তার রাজনীতির মূল শক্তি। এলাকার উন্নয়ন, মানুষের সেবা এবং জনগণের আস্থা ও ভালোবাসা—সবকিছুই মহান আল্লাহর রহমতের ফলেই আজ তিনি এই অবস্থানে পৌঁছেছেন বলে উল্লেখ করেন তিনি।
দীর্ঘদিনের একটি গুরুত্বপূর্ণ দাবি বাস্তবায়নের আশ্বাস দিয়ে গিয়াসউদ্দিন জানান, এম.এ. হাসেম ইয়াতুননেছা ফাউন্ডেশনের মাধ্যমে জমি ক্রয় করে এলাকায় একটি কবরস্থান স্থাপন করা হবে। পাশাপাশি নির্বাচিত হলে সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠা এবং প্রতিটি এলাকায় মুরুব্বি ও সৎ মানুষদের সম্মান বৃদ্ধিতে কাজ করার অঙ্গীকার করেন তিনি।
সভায় আদমজী এমডব্লিউ উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক আব্দুল জলিল মাস্টারের সভাপতিত্বে এবং সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক আকবর হোসেন ও দপ্তর সম্পাদক ডা. মাসুদ করিমের সঞ্চালনায় বক্তব্য দেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাবেক সচিব মোস্তাফিজুর রহমান ভূঁইয়া, সাদিপুর হাই স্কুলের প্রধান শিক্ষক তোবারক হোসেন, মুক্তিযোদ্ধা হযরত আলী ও আব্দুল আজিজসহ স্থানীয় রাজনৈতিক, সামাজিক ও শিক্ষাবিদ নেতৃবৃন্দ।



















