নারায়ণগঞ্জ-৪ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী শাহ আলম বলেছেন, তিনি কোনো প্রার্থীর বিরুদ্ধে কথা বলতে চান না। তবে নারায়ণগঞ্জ-৪ আসনের ভোটারদের কেউ যেন বোকা না ভাবেন। এই এলাকার মানুষ লোভী নন এবং টাকা-পয়সা দিয়ে এখানে ভোট কেনা যায় না।
রোববার (১ ফেব্রুয়ারি) দুপুরে নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লা ইউনিয়নের কায়েমপুর, হাজীগঞ্জ ও তল্লার একাংশে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচারণাকালে গণমাধ্যমকর্মীদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
শাহ আলম বলেন, এই আসনের উন্নয়ন কার নেতৃত্বে হবে, সে সিদ্ধান্ত নেবেন এখানকার জনগণই। তিনি আশা প্রকাশ করে বলেন, আগামী ১২ তারিখ জনগণের আস্থার প্রতীক ‘হরিণ’ মার্কাই বিজয়ী হবে, ইনশাআল্লাহ।
স্বতন্ত্র প্রার্থী হিসেবে নিজের অবস্থান তুলে ধরে তিনি বলেন, মানুষ তাকে ভোট দেবে তার ক্লিন ইমেজের কারণে। জনগণ তার ওপর আস্থা রাখে এবং বিশ্বাস করে যে, তিনি সবসময় মানুষের পক্ষে দাঁড়াবেন ও এলাকার উন্নয়নে কাজ করবেন। পাশাপাশি তিনি উল্লেখ করেন, দীর্ঘ ১৭ বছর ধরে বিএনপির আন্দোলন-সংগ্রামে যুক্ত ছিলেন এবং হামলা-মামলার শিকার হয়েছেন। এখনও নিজেকে তিনি বিএনপির একজন কর্মী হিসেবেই মনে করেন, এজন্য বিএনপির ভোটার ও নেতাকর্মীরা তাকে ভুলবে না বলে আশা প্রকাশ করেন।
নারী ভোটারদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে শাহ আলম বলেন, তিনি যেখানে যাচ্ছেন, সেখানেই নারী ভোটারদের স্বতঃস্ফূর্ত উপস্থিতি লক্ষ্য করছেন। তাদের প্রধান দাবি জলাবদ্ধতা নিরসন। অতীতে অনেকে নির্বাচিত হলেও এই সমস্যার স্থায়ী সমাধান হয়নি। জলাবদ্ধতার কারণে ফতুল্লার মানুষ চরম দুর্ভোগে দিন কাটাচ্ছে। তিনি নির্বাচিত হলে জলাবদ্ধতা নিরসনকেই সবচেয়ে বড় চ্যালেঞ্জ হিসেবে নেবেন এবং এই অভিশাপ থেকে এলাকাবাসীকে মুক্ত করতে সর্বোচ্চ চেষ্টা করবেন বলে আশ্বাস দেন।
শাহ আলম আরও বলেন, রাজনীতিতে আসার একমাত্র উদ্দেশ্য মানুষের সেবা করা। সেই লক্ষ্য নিয়েই তিনি নির্বাচনে অংশ নিয়েছেন। নির্বাচিত হলে এমন কাজ করতে চান, যা এই এলাকার মানুষ দীর্ঘদিন মনে রাখবে।
তিনি বলেন, ক্লিন ইমেজ বজায় রেখেই রাজনীতি করবেন এবং তার কোনো বাহিনী থাকবে না। দল-মত নির্বিশেষে সমাজের ভালো মানুষদের সঙ্গে নিয়ে এলাকার উন্নয়নে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।



















