নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য ও এনসিপি নেতা আব্দুল্লাহ আল আমিন বলেছেন, তার নির্বাচনী এলাকায় সন্ত্রাস, চাঁদাবাজি ও মাদকের বিরুদ্ধে কোনো ধরনের রাজনৈতিক আশ্রয়-প্রশ্রয় বরদাশত করা হবে না। এ বিষয়ে প্রশাসন ও জনপ্রতিনিধিদের সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানান তিনি।
বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) দুপুরে সদর উপজেলা সম্মেলন কক্ষে উন্নয়ন ও সমন্বয় কমিটির সভায় বক্তব্য রাখতে গিয়ে তিনি এসব কথা বলেন।
এমপি আল আমিন বলেন, তিনি একটি দলের হয়ে নির্বাচিত হলেও সাংবিধানিক শপথ নেওয়ার পর রাষ্ট্রীয় দায়িত্ব পালনে নিরপেক্ষ থাকা বাধ্যবাধকতা। রাজনৈতিক পরিচয় থাকবে রাজনীতির ক্ষেত্রে, কিন্তু নাগরিক সেবায় সবাই সমান অধিকার পাবে।
তিনি আরও জানান, প্রশাসনের সঙ্গে সমন্বয় করেই উন্নয়ন কার্যক্রম এগিয়ে নিতে চান। দল-মতের ঊর্ধ্বে উঠে দায়িত্বশীল ভূমিকা রাখলে পুরো নারায়ণগঞ্জ-৪কে নিরাপদ ও বাসযোগ্য এলাকায় রূপ দেওয়া সম্ভব।
অপরাধ পরিস্থিতি প্রসঙ্গে তিনি বলেন, মাদক, চাঁদাবাজি ও সন্ত্রাসের সঙ্গে অনেক সময় রাজনৈতিক প্রভাব জড়িয়ে থাকে। সাধারণ মানুষ সরাসরি সেবা পেতে বাধার মুখে পড়ে। তাই এ জায়গায় ‘জিরো টলারেন্স’ নীতি গ্রহণ করা হবে।
তিনি স্পষ্ট করে বলেন, অপরাধ দমনে কঠোর অবস্থান নিতে গিয়ে কারও সঙ্গে সম্পর্কের অবনতি হলে তা হবে কেবল অপরাধের কারণেই, রাজনৈতিক সংঘাতের জন্য নয়। “আমরা কাউকে অন্যায় করব না, আবার অন্যায় সহ্যও করব না” যোগ করেন তিনি।
আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি বিশেষ অনুরোধ জানিয়ে এমপি বলেন, ফতুল্লা ও সদর উপজেলার কয়েকটি এলাকায় মাদক ও অপরাধের বিস্তার নিয়ে অভিযোগ রয়েছে। বিশেষ করে একটি কমিউনিটি হাসপাতালকেন্দ্রিক এলাকায় মাদক সংক্রান্ত তথ্য পাওয়া যাচ্ছে। এসব স্থানে কার্যকর অভিযান বাড়ানোর আহ্বান জানান তিনি।
সবশেষে তিনি সতর্ক করে বলেন, কোনো প্রশাসনিক কর্মকর্তা বা রাজনৈতিক ব্যক্তি যদি অপরাধীদের প্রশ্রয় দেন, প্রয়োজনে তাদের নাম প্রকাশ করা হবে। জনগণের আস্থার প্রতিদান দিতে নিরাপদ ও সুন্দর নারায়ণগঞ্জ-৪ গড়তে তিনি আপসহীন থাকবেন বলেও দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।














