নারায়ণগঞ্জ-১ (রূপগঞ্জ) আসনে বিএনপি মনোনীত প্রার্থী মোস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপু বলেছেন, রূপগঞ্জে মাদকের ব্যবসা করে মাত্র হাতেগোনা কয়েকটি পরিবার, যাদের সবাই চেনে। আগামী ১২ তারিখের পর এলাকাবাসীকে সঙ্গে নিয়ে এসব মাদক ব্যবসায়ীকে রূপগঞ্জ ছাড়া করা হবে।
রোববার (১ ফেব্রুয়ারি) সকালে রূপগঞ্জ উপজেলার মুড়াপাড়া ইউনিয়নে গণসংযোগ ও ভোটারদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।
দিপু ভূঁইয়া বলেন, নির্বাচনের পর তিনি এলাকার মা-বোনদের বাসায় গিয়ে খাবার গ্রহণ করবেন এবং সরাসরি তাদের সমস্যার কথা শুনবেন। এলাকায় বেকারত্ব, গ্যাস সংকটসহ বিভিন্ন নাগরিক সমস্যা রয়েছে উল্লেখ করে তিনি বলেন, এসব সমস্যা সমাধানে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
গণসংযোগকালে স্থানীয় নারী ভোটাররা তাদের নানা সমস্যার কথা তুলে ধরলে তিনি মনোযোগ দিয়ে তা শোনেন এবং নির্বাচিত হলে অগ্রাধিকার ভিত্তিতে সমাধানের আশ্বাস দেন। এ সময় তিনি ভোটারদের নির্ভয়ে কেন্দ্রে গিয়ে ভোটাধিকার প্রয়োগের আহ্বান জানান।
মুড়াপাড়া ইউনিয়নের বিভিন্ন পাড়া-মহল্লায় গণসংযোগের মাধ্যমে তিনি ধানের শীষ প্রতীকের পক্ষে ভোট প্রার্থনা করেন। গণসংযোগে মুড়াপাড়া ইউনিয়ন বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।



















