নারায়ণগঞ্জের ফতুল্লার পাগলা এলাকায় ষষ্ঠ শ্রেণির এক ছাত্রীর সঙ্গে অনৈতিক আচরণের চেষ্টার অভিযোগে যুগল চন্দ্র (৪৮) নামে এক শিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (১ ফেব্রুয়ারি) রাতে পাগলা এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
অভিযুক্ত যুগল চন্দ্র পাগলা উচ্চ বিদ্যালয়ের হিন্দু ধর্ম বিষয়ের শিক্ষক। তিনি পটুয়াখালী জেলার মাদারবুনিয়া গ্রামের বাসিন্দা এবং মৃত কার্তিক চন্দ্র শীলের ছেলে।
মামলার এজাহার সূত্রে জানা যায়, যুগল চন্দ্র পাগলা উচ্চ বিদ্যালয়ের পাশের একটি ভাড়া বাসায় পরিবারসহ বসবাস করতেন। ওই বাসায় তিনি শিক্ষার্থীদের প্রাইভেট পড়াতেন। সম্প্রতি তার স্ত্রী আত্মীয়ের বাড়িতে যাওয়ায় বাসাটি ফাঁকা ছিল। এই সময় তিনি বিদ্যালয়ের এক ষষ্ঠ শ্রেণির ছাত্রীর সঙ্গে একাধিকবার অসদাচরণের চেষ্টা করেন বলে অভিযোগ করা হয়েছে।
গত ৩১ জানুয়ারি ভুক্তভোগী ছাত্রী ঘটনাটি তার মাকে জানালে বিষয়টি প্রকাশ পায়। পরে স্থানীয় লোকজন বিষয়টি জানতে পেরে পুলিশকে অবহিত করে। খবর পেয়ে পুলিশ রাতেই অভিযুক্ত শিক্ষককে আটক করে থানায় নিয়ে যায়।
এ বিষয়ে পাগলা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সেলিনা সুলতানা বলেন, অভিযুক্ত শিক্ষকের বিরুদ্ধে ওঠা অভিযোগ অত্যন্ত গুরুতর। পুলিশ তাকে গ্রেপ্তার করেছে এবং বিদ্যালয়ের পক্ষ থেকে তাকে সাময়িক বরখাস্ত করার প্রক্রিয়া চলছে।
ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মান্নান জানান, ভুক্তভোগী ছাত্রীর পরিবারের পক্ষ থেকে মামলা দায়ের করা হয়েছে। বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে এবং তদন্ত শেষে আদালতে প্রতিবেদন দাখিল করা হবে।



















