নারায়ণগঞ্জের সোনারগাঁ পৌরসভার দত্তপাড়া এলাকার পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. মোস্তাফিজুর রহমানের ওপর দুর্বৃত্তদের হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে বিদ্যালয়ের শতাধিক শিক্ষার্থী।
বুধবার (১৪ জানুয়ারি) সকাল ১০টায় উপজেলা পরিষদ চত্বর থেকে শুরু হওয়া এ বিক্ষোভ কর্মসূচি প্রায় দুই ঘণ্টা ধরে চলে। এর আগে মঙ্গলবার (১৩ জানুয়ারি) বিকেলে বিদ্যালয় প্রাঙ্গণের বাইরে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের ওপর হামলার ঘটনা ঘটে।
বিক্ষোভ চলাকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আসিফ আল জিনাত, সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মহিবুল্লাহ এবং উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. দেলোয়ার হোসেন ঘটনাস্থলে উপস্থিত হয়ে শিক্ষার্থীদের অভিযোগ শোনেন। তারা শিক্ষার্থীদের দেওয়া স্মারকলিপি গ্রহণ করে হামলার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন। পরে শিক্ষার্থীদের বিক্ষোভ কর্মসূচি প্রত্যাহার করে থানায় লিখিত অভিযোগ দেওয়ার পরামর্শ দেওয়া হয়।
অনুসন্ধানে জানা গেছে, ২০২৪ সালের ৫ আগস্ট রাজনৈতিক পটপরিবর্তনের পর বিদ্যালয়ের তৎকালীন প্রধান শিক্ষক মতিউর রহমানকে ম্যানেজিং কমিটির সিদ্ধান্তে সরিয়ে দেওয়া হয়। এ ঘটনায় বর্তমান ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. মোস্তাফিজুর রহমানের ভূমিকা ছিল বলে অভিযোগ ওঠে। পরে আদালতের রায়ে মতিউর রহমান পুনরায় প্রধান শিক্ষক হিসেবে দায়িত্ব পান। তবে ওই রায়ের বিরুদ্ধে মোস্তাফিজুর রহমানের করা রিট আবেদন বর্তমানে বিচারাধীন রয়েছে। ফলে দুই শিক্ষকই নিজ নিজ অবস্থান দাবি করে বিদ্যালয়ে উপস্থিত থাকছেন।
অভিভাবকদের অভিযোগ, স্থানীয় কিছু প্রভাবশালী রাজনৈতিক ব্যক্তি বিদ্যালয়ের অভ্যন্তরীণ দ্বন্দ্বে ইন্ধন দিচ্ছেন, যা শিক্ষার পরিবেশকে মারাত্মকভাবে ব্যাহত করছে।
সোনারগাঁ থানার ওসি মো. মহিবুল্লাহ জানান, শিক্ষকের ওপর হামলার ঘটনায় এখনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
ইউএনও আসিফ আল জিনাত বলেন, “শিক্ষার্থীদের ক্লাস চলাকালীন বিক্ষোভ করা সমীচীন নয়। তবে বিদ্যালয়ের সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।”




















