নারায়ণগঞ্জ-৪ (ফতুল্লা-সদর) আসনে বিএনপি সমর্থিত জোট প্রার্থী মুফতি মনির হোসাইন কাসেমী বলেছেন, তিনি সম্প্রদায়ভিত্তিক নয়, মানুষকে মানুষ হিসেবে বিবেচনা করে কাজ করতে চান। সমতার ভিত্তিতে সবাইকে নিয়ে শান্তিপূর্ণ সহাবস্থানের মাধ্যমে ফতুল্লাবাসীর জন্য সঠিক ও সমান নাগরিক সেবা নিশ্চিত করাই তাঁর লক্ষ্য।
শুক্রবার (৩০ জানুয়ারি) রাতে ফতুল্লার হরিহরপাড়া শীষমহল এলাকায় শ্রী শ্রী রাধাগোবিন্দ জিউর রাধাগোবিন্দ বিগ্রহ মন্দিরে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে আয়োজিত এক নির্বাচনী মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মুফতি মনির কাসেমী বলেন, সনাতন ধর্মাবলম্বীরা যেন নিরাপত্তা ও সমমর্যাদার সঙ্গে সমাজে বসবাস করতে পারেন, সে পরিবেশ নিশ্চিত করা হবে। তিনি আরও বলেন, ফতুল্লা এলাকা থেকে ‘অবহেলিত’ শব্দটি মুছে ফেলতে সকলের সহযোগিতা প্রয়োজন।
সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফতুল্লা থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক রিয়াদ মোহাম্মদ চৌধুরী। তিনি বলেন, দীর্ঘদিন ধরে বিভিন্ন রাজনৈতিক দল হিন্দু সম্প্রদায়কে ভোটের রাজনীতিতে ব্যবহার করে এসেছে। বিএনপি এমন একটি বাংলাদেশ গড়তে চায়, যেখানে ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাই সমতার ভিত্তিতে সম্মানের সঙ্গে বসবাস করতে পারবে। তিনি আরও বলেন, বিগত ৫ আগস্ট সরকার পতনের পর ফতুল্লার সনাতন ধর্মাবলম্বীরা যেভাবে শান্তিতে বসবাস করছেন, ভবিষ্যতেও তারা একইভাবে শান্তিতে বসবাস করবেন।
অনুষ্ঠানের সার্বিক সহযোগিতায় ছিলেন ফতুল্লা থানা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক আমিনুল হাসান লিটন। সভার সঞ্চালনা করেন শ্রী শ্রী রাধাগোবিন্দ জিউর বিগ্রহ মন্দিরের সাধারণ সম্পাদক রাম প্রসাদ ঘোষ।
এ সময় উপস্থিত ছিলেন এনায়েতনগর ইউনিয়ন ১ নম্বর ওয়ার্ড বিএনপির সিনিয়র সহ-সভাপতি মো. রিপন, প্রচার সম্পাদক আক্তার হোসেন, ক্যাশিয়ার মো. তৈয়ব আলী, যুবদল নেতা মো. রানা, সুজন, রাজীব, জিতেন দাস, শিবু দাস, মামুন, বিএনপি নেতা সুজন ঢালী, মনির, মাহাবুব, মারুফসহ স্থানীয় নেতাকর্মীরা।



















