বাংলাদেশ রিপাবলিক পার্টির চেয়ারম্যান ও নারায়ণগঞ্জ-৪ (ফতুল্লা) আসনের সংসদ সদস্য পদপ্রার্থী মোহাম্মদ আলী বলেছেন, দীর্ঘদিন ধরে জমে থাকা সমস্যার সমাধান ও একটি আধুনিক জনপদ গড়ে তুলতে হলে নেতৃত্বে পরিবর্তন অপরিহার্য। উন্নয়ন ও সাধারণ মানুষের অধিকার সুরক্ষার স্বার্থে তিনি দল-মতের ঊর্ধ্বে উঠে আসন্ন নির্বাচনে ‘হাতি’ মার্কায় ভোট দেওয়ার আহ্বান জানান।
বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) দুপুরে ফতুল্লার ভূইঘর রূপায়ন এলাকায় স্থানীয় বাসিন্দা ও বীর মুক্তিযোদ্ধাদের সঙ্গে আয়োজিত মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। সভা শেষে তিনি রূপায়ন ও আশপাশের বিভিন্ন এলাকায় গণসংযোগ চালান এবং ভোটারদের সঙ্গে কুশল বিনিময় করেন।
গণসংযোগকালে মোহাম্মদ আলী বলেন, ফতুল্লার মানুষ দীর্ঘদিন ধরে নানামুখী উন্নয়ন থেকে বঞ্চিত। জলাবদ্ধতা, যানজট ও মাদকের মতো সমস্যায় জনজীবন বিপর্যস্ত। এসব থেকে মুক্তি পেতে হলে দক্ষ ও জনবান্ধব নেতৃত্ব প্রয়োজন। নির্বাচিত হলে তিনি ফতুল্লাকে বৈষম্যহীন ও উন্নত একটি এলাকায় রূপান্তরের প্রতিশ্রুতি দেন।
উন্নয়নের এই অভিযাত্রায় সবার স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ কামনা করে তিনি ‘হাতি’ মার্কায় সমর্থন চান। এ সময় উপস্থিত বীর মুক্তিযোদ্ধারা এলাকার উন্নয়নে মোহাম্মদ আলীর পরিকল্পনা ও অঙ্গীকারের প্রশংসা করেন।
মোহাম্মদ আলী বলেন, মুক্তিযোদ্ধারা জাতির গর্ব ও সম্পদ। তাদের মর্যাদা রক্ষা এবং সাধারণ মানুষের নাগরিক সুবিধা নিশ্চিত করাই তার প্রধান লক্ষ্য। তিনি ব্যক্তিগত স্বার্থে নয়, বরং এই জনপদের মানুষের সেবক হিসেবেই কাজ করতে চান বলে জানান।
পথসভা ও গণসংযোগে বাংলাদেশ রিপাবলিক পার্টির বিভিন্ন স্তরের নেতাকর্মী এবং এলাকার বিপুলসংখ্যক সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।



















