সোনারগাঁও উপজেলার নোয়াগাঁও ইউনিয়নের পরমেশ্বরদী গ্রামে টাকা লেনদেনের বিরোধকে কেন্দ্র করে মো. নাঈম হোসেন (২২) নামে এক রাজমিস্ত্রিকে পিটিয়ে হত্যার ঘটনা ঘটেছে। রোববার (১৫ ফেব্রুয়ারি) রাতে এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন Sonargaon Police Station-এর ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মহিববুল্লাহ।
নিহত নাঈম ওই গ্রামের প্রয়াত আ. হেকিমের ছেলে। সোমবার (১৬ ফেব্রুয়ারি) সকালে তার বড় ভাই নাছিমুল থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন। এ ঘটনায় একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
পরিবারের বরাত দিয়ে জানা যায়, রাত নয়টার দিকে বাড়ি থেকে প্রায় ২০০ গজ দূরে খালের পাশের একটি মাঠ থেকে নাঈমের মরদেহ উদ্ধার করা হয়। নিহতের বড় ভাই নাছিমুল জানান, রাতে তারা দু’জন পাশাপাশি একটি চায়ের দোকানে বসেছিলেন। এ সময় একটি ফোনকল পেয়ে নাঈম কিছুটা দূরে গিয়ে কথা বলেন।
নাছিমুলের ভাষ্য, ফোনে কথা বলার সময় নাঈম কয়েকবার বলছিলেন, “আমার কাছে টাকা নাই।” কিছুক্ষণ পর তিনি আর সেখানে ছিলেন না। পরে বাড়িতে ফিরে তাকে ফোন দিলে মোবাইল বন্ধ পাওয়া যায়। আধা ঘণ্টা পর বাইরে হৈচৈ শুনে বের হয়ে স্থানীয়দের সঙ্গে মাঠে গিয়ে রক্তাক্ত অবস্থায় নাঈমকে পড়ে থাকতে দেখেন।
“চেহারা চেনা যাচ্ছিল না, জামা-কাপড় দেখে আমি চিনেছি। হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক জানান, আগেই তার মৃত্যু হয়েছে,” বলেন তিনি।
পুলিশ জানায়, মরদেহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রাখা হয়েছে। শরীরে একাধিক আঘাতের চিহ্ন পাওয়া গেছে। প্রাথমিক তদন্তে জানা গেছে, রাজমিস্ত্রির পাশাপাশি নাঈম সুদের বিনিময়ে টাকা ধার দিতেন। এ সংক্রান্ত বিরোধ থেকেই হত্যাকাণ্ডটি ঘটেছে বলে ধারণা করা হচ্ছে।
ঘটনায় জড়িত অন্যদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছেন ওসি মো. মহিববুল্লাহ।



















