নারায়ণগঞ্জের বন্দর উপজেলায় বিশেষ অভিযান চালিয়ে ১৫ পুড়িয়া হেরোইনসহ চিহ্নিত মাদক কারবারি শুক্কুর (৪৫)কে গ্রেপ্তার করেছে পুলিশ।
রোববার (৮ মার্চ) ভোর সাড়ে ৫টার দিকে বন্দর থানার একরামপুর ইস্পাহানী মাছ বাজারের সামনে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
গ্রেপ্তারকৃত শুক্কুর বন্দর থানার ২৩ নম্বর ওয়ার্ডের একরামপুর ইস্পাহানী এলাকার বাসিন্দা। তিনি কুখ্যাত মাদক কারবারি হাবিবুর রহমান হবি মিয়ার ছেলে বলে জানিয়েছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, শুক্কুর দীর্ঘদিন ধরে ওই এলাকায় অবাধে ইয়াবা ও হেরোইন বিক্রি করে আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে রোববার ভোরে পুলিশ অভিযান চালিয়ে তার কাছ থেকে ১৫ পুড়িয়া হেরোইন উদ্ধার করে এবং তাকে গ্রেপ্তার করে।
এ ঘটনায় বন্দর থানার উপ-পরিদর্শক (এসআই) ফারুক বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করেছেন। যার মামলা নম্বর ১৩(৩)২৬। পরে রোববার দুপুরে তাকে আদালতে পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

















