ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নারায়ণগঞ্জ-১ আসনে বিজয়ী হওয়ার পর বিএনপির নির্বাহী কমিটির সদস্য মুস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপুর বাসায় সৌজন্য সাক্ষাৎ করেছেন জামায়াতে ইসলামীর পরাজিত প্রার্থী আনোয়ার হোসেন মোল্লা।
সোমবার (১৬ ফেব্রুয়ারি) রূপগঞ্জ উপজেলার মুড়াপাড়ায় অবস্থিত দিপু ভূঁইয়ার বাড়িতে যান আনোয়ার মোল্লা। সেখানে দুই নেতা একে অপরকে ফুলের মালা পরিয়ে শুভেচ্ছা বিনিময় করেন এবং কুশলাদি জিজ্ঞাসা করেন।
জামায়াত নেতা আনোয়ার মোল্লা সংসদ সদস্য নির্বাচিত হওয়ায় দিপুকে অভিনন্দন জানান। এ সময় নবনির্বাচিত এমপিও স্থানীয় বিভিন্ন সমস্যা সমাধানে সকলের সহযোগিতা কামনা করেন।
দিপু ভূঁইয়ার ঘনিষ্ঠ অনুসারী ও সাবেক ছাত্রদল নেতা ইসমাইল মামুন জানান, আনোয়ার মোল্লা নিজ উদ্যোগেই সাক্ষাতের জন্য যোগাযোগ করেন এবং পরে বাসায় এসে সৌজন্য সাক্ষাৎ করেন।
গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নারায়ণগঞ্জ-১ আসনে ১ লাখ ৫৬ হাজার ৩৫৮ ভোট পেয়ে সংসদ সদস্য নির্বাচিত হন দিপু ভূঁইয়া। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আনোয়ার মোল্লা পেয়েছেন ৯১ হাজার ৬৯০ ভোট।



















