আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে নারায়ণগঞ্জ-৫ আসনে কর্মী ও সমর্থকদের মধ্যে আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে বলে মন্তব্য করেছেন ওই আসনের স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী মাকসুদ হোসেন।
বুধবার (১৪ জানুয়ারি) দুপুরে বন্দর থানার ২৭ নম্বর ওয়ার্ডের কুড়িপাড়া এলাকায় নিজ বাসভবনে গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপকালে তিনি এ আশঙ্কার কথা জানান।
তিনি বলেন, নির্বাচনের সময় যত ঘনিয়ে আসছে, ততই বিভিন্ন দিক থেকে তার কর্মী-সমর্থকদের হুমকি দেওয়া হচ্ছে বলে তিনি জানতে পারছেন। বিশেষ করে মনোনয়ন বৈধ ঘোষণার পর একটি মহল পরিকল্পিতভাবে ভয়ভীতি ছড়ানোর চেষ্টা করছে।
গণমাধ্যমকর্মীদের প্রশ্নের জবাবে মাকসুদ হোসেন বলেন, টিআইএন সনদপত্র সংক্রান্ত জটিলতায় শুরুতে নির্বাচন কমিশন তার মনোনয়ন বাতিল করলেও আপিল শুনানির মাধ্যমে তা পুনর্বহাল হয়। ওই সময় থেকেই তার প্রার্থিতা নিয়ে বিভ্রান্তি সৃষ্টি করা হয়।
তিনি অভিযোগ করে বলেন, অতীতে ফ্যাসিস্ট সরকারের আমলে শহর ও বন্দর এলাকায় মানুষ নির্বিঘ্নে ভোটাধিকার প্রয়োগ করতে পারেনি। এবার নির্বাচন কমিশন যদি নিরপেক্ষ ও সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করতে পারে, তাহলে ভোটার উপস্থিতি উল্লেখযোগ্যভাবে বাড়বে।
নিজের রাজনৈতিক অভিজ্ঞতার কথা তুলে ধরে তিনি বলেন, মুছাপুর ইউনিয়নে টানা তিনবার ইউপি চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করে জনগণের আস্থা অর্জন করেছেন। এছাড়া উপজেলা নির্বাচনে সরকার-সমর্থিত প্রভাবশালী প্রার্থীদের বিপুল ভোটে পরাজিত করে জনপ্রিয়তার প্রমাণ দিয়েছেন।
শেষে তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, নারায়ণগঞ্জ-৫ আসনের সদর ও বন্দর এলাকার সাধারণ মানুষ দলমত নির্বিশেষে তাকে ভোট দিয়ে নির্বাচিত করলে তিনি মেহনতি মানুষের কল্যাণে কাজ করার সুযোগ পাবেন।




















