নারায়ণগঞ্জ-৪ আসনের স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ শাহ আলম বলেছেন, আলীরটেকের মানুষ তাকে বিশ্বাস করে বলেই তাকে দেখতে চায়। দীর্ঘদিন ধরে তারা প্রতারিত হয়েছে এবং গত ১৭ বছর ভোটাধিকার থেকে বঞ্চিত ছিল। পাশাপাশি প্রত্যাশিত কোনো উন্নয়নও হয়নি এলাকায়।
শুক্রবার (৩০ জানুয়ারি) রাতে ফতুল্লার কাশীপুর ক্লাব মাঠে আয়োজিত এক নির্বাচনী উঠান বৈঠকে এসব কথা বলেন তিনি।
শাহ আলম বলেন, “আমার কোনো দলীয় প্রতীক নেই। তবুও মানুষ গণজোয়ারের মতো আমার কর্মসূচিতে আসছে। কারণ তারা মার্কা নয়, ব্যক্তি দেখে ভোট দিতে চায়। তারা এমন একজনকে নির্বাচিত করতে চায়, যিনি সত্যিকার অর্থে এলাকার উন্নয়ন করবেন।”
ভোটারদের উদ্দেশ্যে তিনি বলেন, “আমি আপনাদের এলাকার সন্তান। সুখে-দুঃখে সবসময় আপনাদের পাশে থাকবো। ফতুল্লা এলাকায় আমার জন্ম, এখানেই আমার শেকড়। আল্লাহর কাছে দোয়া করি আমার কবরও যেন এই এলাকাতেই হয়।”
তিনি আরও বলেন, “যেখানে আমার পরিবার ও বাবা-মা শায়িত আছেন, সেই মাটিকে ছেড়ে যাওয়ার কোনো সুযোগ আমার নেই। আপনাদের সঙ্গে প্রতারণা করার প্রশ্নও আসে না। আপনারা যে বিশ্বাস ও ভালোবাসা আমাকে দিয়েছেন, তার প্রতিদান সম্ভব শুধু উন্নয়নের মাধ্যমেই।”
নিরপেক্ষ নির্বাচন হলে এলাকার মানুষ উন্নয়নের স্বার্থে হরিণ মার্কায় ভোট দিয়ে তাকে নির্বাচিত করবেন বলে আশাবাদ ব্যক্ত করেন শাহ আলম।



















