নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁ-সিদ্ধিরগঞ্জ) আসনের সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নান মাদক নির্মূলে যুবদলের নেতাকর্মীদের সোচ্চার হওয়ার আহ্বান জানিয়েছেন।
মঙ্গলবার (১০ মার্চ) সন্ধ্যায় সোনারগাঁ উপজেলার বারদী খেলার মাঠে উপজেলা যুবদলের আয়োজিত ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।
এমপি মান্নান বলেন, দেশের ভবিষ্যৎ নেতৃত্বের প্রধান শক্তি হলো যুবসমাজ। সংগঠিত ও শক্তিশালী একটি প্ল্যাটফর্ম হিসেবে যুবদল গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। তাই মাদক ও চাঁদাবাজির বিরুদ্ধে সরকারের ঘোষিত জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে যুবদলের নেতাকর্মীদের অগ্রণী ভূমিকা রাখতে হবে।
তিনি আরও বলেন, মাদক সমাজ ও তরুণ প্রজন্মকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে। এ কারণে মাদকবিরোধী আন্দোলনে যুবদলসহ সচেতন যুবসমাজকে সক্রিয় হতে হবে। যুবদলের নেতাকর্মীরা যদি ঐক্যবদ্ধভাবে মাদক ও অপরাধের বিরুদ্ধে অবস্থান নেয়, তাহলে সমাজ থেকে এই ব্যাধি অনেকাংশে দূর করা সম্ভব।
এ সময় মাদক ব্যবসা ও চাঁদাবাজির সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়ার কথাও জানান তিনি। এমপি মান্নান বলেন, যারা এসব অপরাধে জড়িত তাদের কোনো ধরনের ছাড় দেওয়া হবে না। যেখানেই তাদের পাওয়া যাবে, সেখানেই প্রতিহত করে আইনশৃঙ্খলা বাহিনীর হাতে তুলে দিতে হবে। অপরাধীদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে সব ধরনের সহযোগিতা করা হবে।
প্রশাসনের উদ্দেশ্যে তিনি বলেন, মাদক ও অপরাধ দমনে আইনশৃঙ্খলা বাহিনীকে আরও কঠোর ভূমিকা নিতে হবে। কোনো ধরনের তদবির বা প্রভাবের কাছে নতি স্বীকার না করে ন্যায় ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করতে হবে।
ইফতার মাহফিলে আরও উপস্থিত ছিলেন সোনারগাঁ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন, সিনিয়র সহ-সভাপতি কাজী নজরুল ইসলাম টিটু, যুগ্ম সাধারণ সম্পাদক সেলিম হক রুমি, জেলা যুবদলের আহ্বায়ক সাদেকুর রহমান সাদেক, সিনিয়র যুগ্ম আহ্বায়ক খাইরুল ইসলাম সজিবসহ উপজেলা বিএনপি ও যুবদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।



















