নারায়ণগঞ্জ-৪ আসনের সাবেক সংসদ সদস্য একেএম শামীম ওসমানের ছেলে ও মেয়ের বিরুদ্ধে মামলা করার সিদ্ধান্ত নিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) দুদকের কার্যালয়ে এক ব্রিফিংয়ে এ তথ্য জানান সংস্থাটির মহাপরিচালক আক্তার হোসেন।
তিনি জানান, শামীম ওসমানের ছেলে ইমতিনান ওসমান অয়ন এবং কন্যা লাবীবা জোহা অঙ্গণার বিরুদ্ধে পৃথক দুটি মামলা করার অনুমোদন দেওয়া হয়েছে। সম্পদ বিবরণী দাখিল না করায় দুর্নীতি দমন আইনের আওতায় এই মামলা দায়েরের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
দুদক সূত্রে জানা যায়, গত বছরের ২৬ আগস্ট অয়ন ও অঙ্গণার কাছে তাদের নামে থাকা সম্পদের বিস্তারিত বিবরণী চেয়ে নোটিশ পাঠানো হয়। তবে নির্ধারিত সময়ের মধ্যেও তারা কোনো সম্পদ বিবরণী দাখিল করেননি। এমনকি সময় বৃদ্ধির জন্যও কোনো আবেদন করা হয়নি।
দুদকের মহাপরিচালক জানান, সম্পদ বিবরণী দাখিল না করায় দুর্নীতি দমন আইন, ২০০৪-এর ২৬(২) ধারায় তাদের বিরুদ্ধে মামলা দায়ের করা হচ্ছে।
আইন অনুযায়ী, কমিশন কোনো ব্যক্তির সম্পদ বিবরণী চেয়ে তা না পেলে কিংবা দাখিল করা বিবরণী মিথ্যা বলে প্রতীয়মান হলে সংশ্লিষ্ট ব্যক্তির সর্বোচ্চ তিন বছরের কারাদণ্ড বা অর্থদণ্ড কিংবা উভয় দণ্ড হতে পারে।
উল্লেখ্য, ২০২৪ সালের জুলাই-আগস্টে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন দমনের সময় নারায়ণগঞ্জ শহরে আন্দোলনকারীদের ওপর সশস্ত্র হামলার অভিযোগ ওঠে একেএম শামীম ওসমান ও তার অনুসারীদের বিরুদ্ধে। পরবর্তীতে ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর তিনি সপরিবারে দেশত্যাগ করেন বলে অভিযোগ রয়েছে।




















