নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ ভূমি অফিসে দায়িত্বে অবহেলার অভিযোগে তিন কর্মকর্তা-কর্মচারীকে বদলি করা হয়েছে। আকস্মিক পরিদর্শনে গিয়ে নির্ধারিত সময়ের পরও অফিস তালাবদ্ধ পাওয়ার ঘটনায় এই সিদ্ধান্ত নেওয়া হয়।
বদলি হওয়া ব্যক্তিরা হলেন সিদ্ধিরগঞ্জ ইউনিয়নের সহকারী ভূমি কর্মকর্তা মো. নাসির উদ্দিন, উপসহকারী ভূমি কর্মকর্তা মো. ওমর ফারুক এবং অফিস সহকারী জান্নাতি। তাঁদের মধ্যে নাসির উদ্দিন ও ওমর ফারুককে আড়াইহাজার উপজেলায় এবং জান্নাতিকে বন্দর উপজেলায় বদলি করা হয়েছে।
জেলা প্রশাসক রায়হান কবির জানান, বুধবার রাতেই তাদের বদলির আদেশ দেওয়া হয়েছে। পাশাপাশি অভিযোগের বিষয়ে তদন্ত করে প্রয়োজনীয় বিভাগীয় ব্যবস্থা নেওয়ার সুপারিশ করা হয়েছে।
এর আগে বুধবার সকাল ৯টা ৫ মিনিটে সিদ্ধিরগঞ্জ ভূমি অফিসে আকস্মিকভাবে পরিদর্শনে যান ভূমি প্রতিমন্ত্রী ব্যারিস্টার কায়সার কামাল। সেখানে গিয়ে তিনি দেখেন, অফিসে কোনো কর্মকর্তা-কর্মচারী উপস্থিত নেই এবং প্রধান ফটক তালাবদ্ধ।
প্রায় আধা ঘণ্টা অপেক্ষার পর একজন কর্মচারী এসে তালা খুললে প্রতিমন্ত্রী ভেতরে প্রবেশ করেন। এ ঘটনায় অসন্তোষ প্রকাশ করে তিনি বলেন, দায়িত্ব পালনে অবহেলা এবং জনগণের সেবা ব্যাহত করার মতো আচরণ কোনোভাবেই মেনে নেওয়া হবে না।
প্রতিমন্ত্রী হুঁশিয়ারি দিয়ে বলেন, মাঠপর্যায়ে যারা দায়িত্ব পালনে গাফিলতি করবে, তাদের বিরুদ্ধে কঠোর প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে। এমন উদাসীনতা সরকারের জনসেবামূলক কর্মকাণ্ডকে প্রশ্নবিদ্ধ করে।



















