আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে কোনো ধরনের বিশৃঙ্খলা বরদাস্ত করা হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন বাংলাদেশ সেনাবাহিনীর মেজর আয়াজ আব্দুল্লাহ। তিনি বলেন, বিশৃঙ্খলা সৃষ্টিকারী যে-ই হোক না কেন, তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
শনিবার (৩১ জানুয়ারি) সকালে বন্দর উপজেলা অডিটরিয়ামে নির্বাচনী প্রার্থীদের নিয়ে আয়োজিত আইনশৃঙ্খলা বিষয়ক সভায় তিনি এসব কথা বলেন।
মেজর আয়াজ আব্দুল্লাহ বলেন, মাঠ পর্যায়ে সেনাবাহিনীর পর্যাপ্ত তথ্য ও নজরদারি ব্যবস্থা রয়েছে। সাদা পোশাকে কাজ করা সদস্যদের কথাও উল্লেখ করে তিনি বলেন, পরিস্থিতি সবাই উপলব্ধি করছেন। প্রার্থীদের সহযোগিতা পেলে কঠোরতা কমানো সম্ভব হবে, তবে যারা পরিস্থিতি নষ্ট করার চেষ্টা করবে তাদের ক্ষেত্রে কঠোর হওয়া ছাড়া বিকল্প নেই।
তিনি আরও বলেন, গত ১৮–১৯ মাস ধরে সেনাবাহিনী নারায়ণগঞ্জে মোতায়েন রয়েছে। এ সময়ে এলাকার সার্বিক পরিস্থিতি, মানুষের মানসিকতা এবং বিভিন্ন বিশ্লেষণমূলক তথ্য সেনাবাহিনীর কাছে প্রস্তুত আছে। ফলে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে আইনশৃঙ্খলা রক্ষায় সেনাবাহিনীকে অতিরিক্ত বেগ পেতে হবে না বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
সেনাবাহিনীর পক্ষ থেকে নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষভাবে পরিচালনার প্রতিশ্রুতি দিয়ে মেজর আয়াজ বলেন, এবারের নির্বাচন অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ, স্বচ্ছ ও জবাবদিহিতামূলকভাবে সম্পন্ন করা হবে। তবে এ ক্ষেত্রে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের সহযোগিতা অত্যন্ত জরুরি।
তিনি বলেন, প্রার্থীরা যদি আচরণবিধি পুরোপুরি মেনে চলেন এবং ভোটারদের ভোটাধিকার প্রয়োগে সহায়তা করেন, তাহলে একটি সুন্দর ও গ্রহণযোগ্য নির্বাচন নিশ্চিত করা সম্ভব হবে।
সবাইয়ের সহযোগিতা কামনা করে মেজর আয়াজ আব্দুল্লাহ বলেন, আমরা আশা করি আগামী ১২ তারিখের জাতীয় সংসদ নির্বাচন শান্তিপূর্ণ ও সুষ্ঠুভাবে অনুষ্ঠিত হবে। উদ্দেশ্য একটাই একটি গ্রহণযোগ্য ও সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করা।



















