আজ ২৫ জানুয়ারি, ২০২৬ আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে গণসংহতি আন্দোলন মনোনীত মাথাল প্রতীকের প্রার্থী তারিকুল ইসলাম সুজন শহরের ১৮ নম্বর (নাসিক) ওয়ার্ডের অন্তর্ভুক্ত নিতাইগঞ্জের নলুয়া রোড, শহীদ নগর এলাকায় গণসংযোগ করেন। এসময় তার সাথে উপস্থিত ছিলেন গণসংহতি আন্দোলন নারায়ণগঞ্জ জেলার নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক মোঃ বিপ্লব খান, সদস্য সচিব আলমগীর হোসেন আলম, বাংলাদেশ ছাত্র ফেডারেশন জেলার সাবেক সভাপতি ফারহানা মানিক মুনা, বাংলাদেশ গার্মেন্ট শ্রমিক সংহতির জেলা আহ্বায়ক আব্দুল আল মামুন, বাংলাদেশ যুব ফেডারেশনের কেন্দ্রীয় নেতা আবুল হোসেন মারুফ, বাংলাদেশ ছাত্র ফেডারেশন জেলার সহ সভাপতি সৃজয় সাহা, রনি শেখ সহ প্রমুখ নেতৃবৃন্দ প্রমুখ।
তারিকুল ইসলাম সুজন বলেন, নির্বাচিত হলে আমার প্রথম কাজ হবে নারায়ণগঞ্জের সকল নাগরিকদের জন্য উন্নত স্বাস্থ্যসেবা নিশ্চিত করা। নারায়ণগঞ্জের সরকারি হাসপাতালগুলো জ্বর-কাশি ছাড়া অন্য কোন রোগের ট্রিটমেন্ট দিতে পারেনা। উন্নত চিকিৎসার জন্য চাষাঢ়া থেকে ঢাকা যাওয়ার পথেই বহু মানুষ প্রাণ হারান। এগুলোর কোন পরিসংখ্যান নেই। আমরা যেমন এই সংখ্যা কেউ জানি না। তেমনি কেউ দায়িত্ব নিয়ে আমাদেরকে জানানও না। শুধু যাদের স্বজন হারায় তারাই এর মর্মব্যাথা বোঝেন। অথচ জেলার মধ্যে উন্নত চিকিৎসার ব্যবস্থা করা গেলে বহু মানুষের প্রাণ রক্ষা করা সম্ভব। আমরা নারায়ণগঞ্জে মেডিকেল কলেজ স্থাপন করতে চাই। সরকারি হাসপাতালগুলোতে সেরা স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে চাই। যাতে করে গরীব-মেহনতি মানুষরাও ভালো চিকিৎসাটা পায়। সামান্য চিকিৎসার জন্য যাতে মানুষকে ঢাকামূখী হতে না হয়।
তিনি আরও বলেন, পাশাপাশি নারায়ণগঞ্জ শহর-বন্দরের আরেকটি বড় কনসার্ন হচ্ছে নিরাপত্তা। চুরি-ছিনতাই, মাদক, কিশোরগ্যাং নারায়ণগঞ্জের প্রতিদিনের সমস্যা। আমরা শহর-বন্দরবাসীর জান ও মালের নিরাপত্তা নিশ্চিত করতে চাই। যা নাগরিক হিসেবে মানুষের প্রধানতম প্রাপ্যগুলোর একটি। তাই আমরা বলছি সুস্থ, নিরাপদ ও পরিকল্পিত শহর-বন্দরের জন্য মাথাল মার্কায় ভোট দিন।




















