আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে জননিরাপত্তা ও সার্বিক সুরক্ষা নিশ্চিত করতে সারা দেশে ড্রোন বা রিমোটলি কন্ট্রোলড এয়ারক্রাফট সিস্টেম (আরসিএএস) উড্ডয়ন নিষিদ্ধ ঘোষণা করেছে বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)। এই নিষেধাজ্ঞা আগামী ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত কার্যকর থাকবে।
মঙ্গলবার বেবিচকের জনসংযোগ শাখা থেকে পাঠানো এক জরুরি বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও প্রতিরক্ষা বাহিনীর দায়িত্ব পালনের ক্ষেত্রে এই নিষেধাজ্ঞা প্রযোজ্য হবে না। তবে সরকারি বা বেসরকারি কোনো প্রতিষ্ঠান গবেষণা, জরিপ, কৃষিকাজ, পরিবীক্ষণ বা ইভেন্ট সম্প্রচারের প্রয়োজনে ড্রোন ব্যবহার করতে চাইলে বেবিচকের নির্ধারিত নিয়ম অনুসরণ করে আবেদন করতে হবে। পাশাপাশি সংশ্লিষ্ট সব সংস্থার অনুমোদন ও ছাড়পত্র গ্রহণ বাধ্যতামূলক।
এদিকে, নির্দেশনা অমান্য করে কেউ ড্রোন উড্ডয়ন করলে তা ‘বেসামরিক বিমান চলাচল আইন ২০১৭’-এর ২৪ ধারা অনুযায়ী শাস্তিযোগ্য অপরাধ হিসেবে গণ্য হবে বলে হুঁশিয়ারি দিয়েছে বেবিচক। এ ক্ষেত্রে সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।



















