বিএনপি ক্ষমতায় এলে দেশের নাগরিকদের মৌলিক অধিকার নিশ্চিত করা হবে বলে মন্তব্য করেছেন নারায়ণগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক মামুন মাহমুদ। তিনি বলেন, গত ১৫ বছর ধরে আওয়ামী লীগ সরকার দেশের মানুষের নাগরিক অধিকার হরণ করেছে এবং রাষ্ট্রের সর্বস্তরে দুর্নীতি ছড়িয়ে দিয়েছে। এই অবস্থা থেকে দেশকে বের করে আনতে একটি অভিজ্ঞ ও পরীক্ষিত সরকারের প্রয়োজন, যা বিএনপি দিতে সক্ষম।
সোমবার (২ ফেব্রুয়ারি) সিদ্ধিরগঞ্জের ৬ ও ১০ নম্বর ওয়ার্ডে নারায়ণগঞ্জ-৩ আসনের ধানের শীষের প্রার্থী আজহারুল ইসলাম মান্নানের গণসংযোগ ও পথসভায় বক্তব্য রাখতে গিয়ে তিনি এসব কথা বলেন।
মামুন মাহমুদ বলেন, গত দেড় দশকে যারা রাষ্ট্র পরিচালনার দায়িত্বে ছিল তারা রাষ্ট্রকে কুক্ষিগত করে নাগরিকদের শিক্ষা, সুচিকিৎসা ও ভোটের অধিকার থেকে বঞ্চিত করেছে। রাষ্ট্রকে জিম্মি করে তারা বিপুল সম্পদের মালিক হয়েছে। জনগণের রোষের মুখে পড়ে অনেকেই দেশ ছেড়ে পালাতে বাধ্য হয়েছে। এই অবস্থা থেকে দেশকে মুক্ত করতে হলে দুর্নীতিবাজদের বিচার এবং জবাবদিহিমূলক সরকার ব্যবস্থা প্রতিষ্ঠা জরুরি।
বিএনপিকে একটি পরীক্ষিত রাজনৈতিক দল উল্লেখ করে তিনি বলেন, অতীতে বিএনপি কখনো নাগরিক অধিকার হরণ করেনি। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া দেশের উন্নয়ন ও রাষ্ট্র পরিচালনায় দায়িত্বশীল ভূমিকা পালন করেছেন। তাদের ধারাবাহিকতায় তারেক রহমান দেশ পরিচালনায় সক্ষম নেতৃত্ব দেবেন বলেও তিনি মন্তব্য করেন।
আজহারুল ইসলাম মান্নানের পক্ষে ভোট প্রার্থনা করে মামুন মাহমুদ বলেন, দীর্ঘ ১৮ বছর ধরে মানুষ ধানের শীষে ভোট দেওয়ার সুযোগ পায়নি। এবার জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠিত হবে। কেন্দ্রে গিয়ে ধানের শীষে ভোট দিলে সেই ভোট বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বকে শক্তিশালী করবে। এর মাধ্যমে চাকরির সুযোগ সৃষ্টি, নিরাপদ ব্যবসা-বাণিজ্য, চাঁদাবাজিমুক্ত সমাজ ও নির্ভয়ে কথা বলার পরিবেশ নিশ্চিত করা সম্ভব হবে।
এ সময় জেলা ও মহানগর বিএনপি এবং অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।



















