ভোটকেন্দ্রে মোবাইল ফোন ব্যবহার নিষিদ্ধের সিদ্ধান্ত থেকে সরে আসছে নির্বাচন কমিশন (ইসি)। ভোটকেন্দ্রের ৪০০ গজের মধ্যে মোবাইল ফোন বহনে নিষেধাজ্ঞা প্রত্যাহারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জোবায়ের।
সোমবার (৯ ফেব্রুয়ারি) তিনি জানান, নির্বাচন কমিশন যেকোনো সময় চিঠির মাধ্যমে এ বিষয়ে আনুষ্ঠানিক সিদ্ধান্ত জানাবে।
এর আগে সোমবার বিকেল তিনটায় বিষয়টি নিয়ে আনুষ্ঠানিক অভিযোগ জানাতে নির্বাচন কমিশনে যায় বাংলাদেশ জামায়াতে ইসলামী, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)সহ ১১ দলীয় জোটের নেতাকর্মীরা।
উল্লেখ্য, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে ভোটকেন্দ্রের ৪০০ গজের মধ্যে মোবাইল ফোন বহনে নিষেধাজ্ঞা দিয়ে একটি নির্দেশনা জারি করেছিল নির্বাচন কমিশন। এতে ভোটের দিন এ নির্দেশনা কঠোরভাবে বাস্তবায়নের জন্য রিটার্নিং কর্মকর্তাদের নির্দেশ দেওয়া হয়।
রোববার (৮ ফেব্রুয়ারি) নির্বাচন কমিশনের জ্যেষ্ঠ সহকারী সচিব মো. শহিদুল ইসলাম স্বাক্ষরিত ওই নির্দেশনা প্রকাশ্যে আসে। নির্দেশনায় বলা হয়, আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে সাধারণ ভোটাররা ভোটকেন্দ্রের ৪০০ গজের মধ্যে মোবাইল ফোন বহন করতে পারবেন না। তবে দায়িত্বপ্রাপ্ত প্রিজাইডিং অফিসার, ভোটকেন্দ্রে নিয়োজিত পুলিশ ইনচার্জ, দায়িত্বপ্রাপ্ত আনসার সদস্য এবং ‘নির্বাচন সুরক্ষা ২০২৬’ অ্যাপ ব্যবহারকারী দুজন আনসার সদস্য মোবাইল ফোন ব্যবহার করতে পারবেন।
এ নির্দেশনা প্রকাশের পর বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী ও সাধারণ ভোটারদের মধ্যে তীব্র অসন্তোষ দেখা দেয়। তারা বলেন, ব্যক্তিগত নিরাপত্তা ও জরুরি যোগাযোগের জন্য মোবাইল ফোন সঙ্গে রাখা প্রয়োজন। ভোটকেন্দ্রে মোবাইল নিষিদ্ধ করা বাস্তবসম্মত নয় এবং অবিলম্বে এ সিদ্ধান্ত প্রত্যাহার করা উচিত।




















