নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের কদমতলী এলাকায় যৌথবাহিনীর অভিযানে কুখ্যাত সন্ত্রাসী ও চাঁদাবাজ মো. সোহাগকে গ্রেপ্তার করা হয়েছে। দীর্ঘদিন পলাতক থাকা এই আসামিকে ধরতে আইনশৃঙ্খলা বাহিনী টানা চেষ্টা চালিয়ে আসছিল বলে জানা যায়।
মঙ্গলবার (১৩ জানুয়ারি) ভোর আনুমানিক সাড়ে তিনটার দিকে কদমতলী এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে সেনাবাহিনী ও পুলিশের যৌথ টিম অভিযান পরিচালনা করে। অভিযানে মো. সোহাগ (৩৪) ছাড়াও তার দুই সহযোগী আব্দুল জলিল (২৫) ও মো. পারভেজ (২৪) কে ঘটনাস্থল থেকে আটক করা হয়।
আইনশৃঙ্খলা বাহিনীর সংশ্লিষ্ট সূত্র জানায়, মো. সোহাগ সিদ্ধিরগঞ্জ এলাকার চিহ্নিত সন্ত্রাসী ও চাঁদাবাজ হিসেবে পরিচিত। গত বছরের ৬ মার্চ প্রকাশ্যে পিস্তল দিয়ে গুলি ছোড়ার ঘটনায় সে আলোচনায় আসে। ওই ঘটনার পর থেকেই সে আত্মগোপনে ছিল এবং প্রায় ১০ মাস ধরে তাকে গ্রেপ্তারের চেষ্টা চলছিল।
অভিযানের সময় গ্রেপ্তারকৃতদের কাছ থেকে মাদকদ্রব্য উদ্ধার করা হয়। উদ্ধারকৃত আলামত ও গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানানো হয়েছে।
যৌথবাহিনীর পক্ষ থেকে জানানো হয়, এলাকায় সন্ত্রাস, চাঁদাবাজি ও মাদক সংশ্লিষ্ট অপরাধ দমনে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। জননিরাপত্তা নিশ্চিত করতে যে কোনো তথ্য পেলে আইনশৃঙ্খলা বাহিনীকে জানানোর আহ্বানও জানানো হয়।


















