নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ২৩ নম্বর ওয়ার্ডের উইলসন রোডে অবস্থিত আকিজ সিমেন্ট কারখানার টিনশেডে তৈরি প্লাস্টিকের বস্তা উৎপাদনের কাঁচামাল গলানোর একটি উৎপাদন কেন্দ্রে ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটেছে। শনিবার সন্ধ্যায় উৎপাদন কেন্দ্রটির ‘হিট এক্সচেঞ্জার মেশিন’ বিস্ফোরিত হয়ে অন্তত আটজন শ্রমিক আহত হন।
আহতদের মধ্যে সাতজনকে প্রথমে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল এবং পরে জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়। তাদের বেশ কয়েকজনের অবস্থা গুরুতর বলে জানা গেছে।
এ ঘটনার পর রবিবার সকালে দগ্ধ শ্রমিকদের সার্বিক খোঁজখবর নেওয়ার উদ্দেশ্যে আকিজ সিমেন্ট কারখানায় যান জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর একটি প্রতিনিধি দল। প্রতিনিধি দলে উপস্থিত ছিলেন এনসিপির কেন্দ্রীয় সংগঠক শওকত আলী, বন্দর উপজেলা এনসিপির যুগ্ম সমন্বয়কারী ও আহত জুলাই যোদ্ধা শোয়াইব রহমান, যুগ্ম সমন্বয়কারী শুভ ইসলাম, জাতীয় শ্রমিকশক্তির কেন্দ্রীয় সংগঠক ফয়সাল আহমেদ, কেন্দ্রীয় সংগঠক মো. শাহাবুদ্দিনসহ অন্যান্য নেতৃবৃন্দ।
তবে এনসিপির প্রতিনিধি দল ঘটনাস্থল পরিদর্শনের জন্য কারখানায় প্রবেশ করতে গেলে আকিজ কর্তৃপক্ষ তাদের বাধা প্রদান করে। কর্তৃপক্ষ জানায়, তারা স্থানীয় বিএনপি নেতাকর্মীদের সঙ্গে আলোচনা করে সমঝোতায় পৌঁছেছে এবং অন্য কোনো রাজনৈতিক দলের প্রতিনিধি বা ব্যক্তির ঘটনাস্থল পরিদর্শনের সুযোগ নেই।
দীর্ঘ সময় ধরে এনসিপির কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা কারখানার গেটের বাইরে অপেক্ষা করলেও আকিজ কর্তৃপক্ষ কাউকে ভেতরে প্রবেশের অনুমতি দেয়নি।
এ সময় সংবাদ সংগ্রহের উদ্দেশ্যে গণমাধ্যমকর্মীরাও আকিজ সিমেন্ট কারখানার ভেতরে প্রবেশ করতে চাইলে তাদেরও বাধা দেওয়া হয় বলে অভিযোগ পাওয়া গেছে।
ঘটনাটি ঘিরে এলাকায় শ্রমিকদের নিরাপত্তা, কারখানার কর্মপরিবেশ এবং বিস্ফোরণের প্রকৃত কারণ নিয়ে প্রশ্ন উঠেছে।



















