শিক্ষা, সংস্কৃতি ও মনুষ্যত্ব রক্ষার লড়াইয়ের সংগঠন সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের ৪২তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আজ ২৩ জানুয়ারি (শুক্রবার) বিকাল ৪টায় নারায়ণগঞ্জের চাষাড়া এলাকায় এক র্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে সভাপতিত্ব করেন সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট নারায়ণগঞ্জ জেলার সভাপতি জয় হাসান। সঞ্চালনা করেন জেলা সাধারণ সম্পাদক দীপ নাগ তন্দ্রা। বক্তব্য রাখেন সংগঠনের নেত্রী সাদিয়া সুলতানা জুথি।
সমাবেশ থেকে একটি বর্ণাঢ্য র্যালি চাষাড়া থেকে শুরু হয়ে ২নং রেল গেট প্রদক্ষিণ করে তোলারাম কলেজের সামনে এসে শেষ হয়।
সমাবেশে বক্তারা বলেন, আজকের সমাজে একদিকে মনুষ্যত্বের সংকট তো অন্যদিকে শিক্ষা সংকট। শিক্ষার বেসরকারীকরণ ও বাণিজ্যিকীকরণ, সাম্প্রদায়িকতা ও শিক্ষাকে নানাভাগে বিভক্ত করে শিক্ষার প্রতি মানুষের যে অধিকার তা ছিনিয়ে নেয়া হচ্ছে। সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট স্বৈরাচার এরশাদ বিরোধী আন্দোলনের অগ্নিগর্ভে জন্ম নিয়ে আন্দোলনে নেতৃত্ব দিয়ে লড়াই করে। যে দশ দফা দাবী সেদিন উত্থাপিত হয়েছিলো আজকে এতো বছর পরে এসেও আমরা দেখছি সেগুলো বাস্তবায়ন করার ক্ষেত্রে কোনো সরকার ভূমিকা রাখেনি। ফলে আমরা সর্বজনীন, বিজ্ঞানভিত্তিক, সেক্যুলার, গণতান্ত্রিক ও একধারার শিক্ষার দাবী নিয়ে লড়াই সংগ্রাম চালিয়ে যাচ্ছি। সর্বশেষ জুলাই গণ অভূত্থানেও আমরা সর্ব শক্তি দিয়ে অবস্থান নিই। সমাবেশ থেকে নিম্নোক্ত দাবিসমূহ উত্থাপন করা হয়—
১. জুলাই গণহত্যা সহ সাম্প্রতিক সময়ে সকল হত্যার বিচার নিশ্চিত করতে হবে এবং জুলাই অভ্যূত্থানে আহতদের সু-চিকিৎসা নিশ্চিত করতে হবে।
২. নারায়ণগঞ্জে পাবলিক বিশ্ববিদ্যালয় ও মেডিকেল কলেজ নির্মাণ করতে হবে। জেলার সরকারি হাসপাতালগুলোর সিন্ডিকেট ভেঙে স্বাস্থ্যসেবার মান উন্নত করতে হবে।
৩. অবিলম্বে জেলার সকল উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলোতে ছাত্র সংসদ নির্বাচন দিতে হবে।
৪. শিক্ষার্থীদের আবাসন সংকট দূর করতে হল-হোস্টেল নির্মাণ করতে হবে। ক্যাম্পাসগুলোতে পরিবহন সেবা নিশ্চিত ও মেডিকেল সেন্টার স্থাপন করতে হবে।
৫. কোচিং ও গাইড বাণিজ্য বন্ধ করে শিক্ষা ব্যয় কমাতে হবে। স্কুল-কলেজকে শিক্ষার মূল কেন্দ্রে পরিণত করতে হবে। মাদকদ্রব্যের বিস্তার রোধে কার্যকর পদক্ষেপ নিতে হবে।
৬. নারী ও শিশু নির্যাতন বিরোধী সেল গঠন ও কার্যকর করতে হবে।
বক্তারা বলেন, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট ছাত্রদের অধিকার প্রতিষ্ঠার লড়াইয়ে বিগত সময়ে অগ্রণী ভূমিকা রেখেছে এবং ভবিষ্যতেও রাখবে।




















