আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নারায়ণগঞ্জ-৪ আসনে জামায়াত–এনসিপি জোট প্রার্থী অ্যাডভোকেট আবদুল্লাহ আল আমিনের গণসংযোগে সাধারণ ভোটার ও স্থানীয় বাসিন্দাদের ব্যাপক সাড়া লক্ষ্য করা গেছে।
বৃহস্পতিবার দিনব্যাপী ফতুল্লার কুতুবপুর ইউনিয়নের বিভিন্ন এলাকায় তিনি গণসংযোগ কার্যক্রম পরিচালনা করেন। এসময় আশরাফিয়া মাদ্রাসা, শান্তিধারা, গিরিধারা, মৃধা মার্কেট, জিরো পয়েন্ট, দক্ষিণ মাথা, ক্যানেল পাড়, খোকন মার্কেট, ভুইগর বাজার, মামুদপুর, করিম মার্কেট, তাইজুদ্দিন মার্কেট, ঈদগাহ, রঘুনাথপুর ও ব্যাংক কলোনীসহ বিভিন্ন এলাকায় ভোটার, সাধারণ মানুষ ও ব্যবসায়ীদের সঙ্গে সরাসরি মতবিনিময় করেন এবং শাপলা কলির পক্ষে গণসংযোগ করেন।
গণসংযোগকালে ভোটাররা এলাকার জলাবদ্ধতা, মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি, রাস্তাঘাটের বেহাল দশা ও নাগরিক সুবিধার অভাবসহ নানা সমস্যার কথা তুলে ধরেন। উপস্থিত নেতাকর্মীরা জানান, এসব সমস্যা সমাধানে ১১ দলীয় জোট প্রার্থী আবদুল্লাহ আল আমিনের দেওয়া আশ্বাস ও প্রতিশ্রুতির প্রতি ভোটারদের আস্থা দিন দিন বাড়ছে। এতে গণসংযোগে উৎসাহ ও অংশগ্রহণও উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে।
একাধিক পথসভায় বক্তব্য রাখতে গিয়ে অ্যাডভোকেট আবদুল্লাহ আল আমিন বলেন, “এই অঞ্চলের দীর্ঘদিনের সমস্যাগুলোর সমাধান এবং সাধারণ মানুষের অধিকার রক্ষায় জবাবদিহিমূলক নেতৃত্ব প্রতিষ্ঠাই আমার লক্ষ্য। এ জন্য আমি সকলের দোয়া ও সহযোগিতা চাই। ইতোমধ্যে মাদক ব্যবসায়ী ও চাঁদাবাজরা শাপলা কলির গণজোয়ারের বিপক্ষে একত্রিত হয়েছে। তবে জনতার ঐক্যই এই সন্ত্রাস ও চাঁদাবাজির বিরুদ্ধে বিজয় এনে দেবে।”
গণসংযোগ কর্মসূচিতে জামায়াতে ইসলামী, এনসিপি, খেলাফত মজলিসসহ ১১ দলীয় জোটের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।



















