জাতীয় সংসদ নির্বাচনে নারায়ণগঞ্জ-৩ (সিদ্ধিরগঞ্জ–সোনারগাঁ) আসনে স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী ও বীর মুক্তিযোদ্ধা মুহাম্মদ গিয়াসউদ্দিন বলেছেন, তিনি এমপি নির্বাচিত হোন বা না হোন সোনারগাঁয়ের উন্নয়নে কাজ করে যাবেন।
শনিবার (৩১ জানুয়ারি) সোনারগাঁ উপজেলার জামপুর ইউনিয়নের বিভিন্ন এলাকায় অনুষ্ঠিত নির্বাচনী পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এদিন তিনি উপজেলার বিভিন্ন স্থানে ব্যাপক গণসংযোগ ও পথসভা করেন।
গিয়াসউদ্দিন বলেন, সিদ্ধিরগঞ্জ ও সোনারগাঁ একই সংসদীয় আসনের অন্তর্ভুক্ত। একটি এলাকার উন্নয়ন করে অপর এলাকাকে অবহেলা করার সুযোগ নেই। তিনি বলেন, নিজের সর্বোচ্চ সক্ষমতা দিয়ে সোনারগাঁয়ের সার্বিক উন্নয়ন নিশ্চিত করার চেষ্টা করবেন।
তিনি আরও বলেন, সুষ্ঠু রাজনৈতিক চর্চা ফিরিয়ে আনা, সৎ ও যোগ্য নেতৃত্ব প্রতিষ্ঠা, শিক্ষা প্রতিষ্ঠানের পরিবেশ উন্নয়ন এবং শিক্ষার মান বৃদ্ধিতে সবাইকে সচেষ্ট হতে হবে। এ বিবেচনায় ভোটারদের সচেতনভাবে ভোট দেওয়ার আহ্বান জানান তিনি।
শিক্ষার গুরুত্ব তুলে ধরে গিয়াসউদ্দিন বলেন, বাবা-মায়েরা সন্তানের শিক্ষার জন্য অক্লান্ত পরিশ্রম করেন, কারণ তারা জানেন শিক্ষা ছাড়া টিকে থাকা কঠিন। তিনি প্রশ্ন রেখে বলেন, শিক্ষিত তরুণ সমাজ কি অশিক্ষিত নেতৃত্বের অধীনে থাকতে পারে? এতে তাদের সম্মান বাড়ে না বলেও মন্তব্য করেন তিনি।
তিনি বলেন, তিনি চান নতুন প্রজন্ম পড়ালেখার মাধ্যমে দেশপ্রেমিক ও সুনাগরিক হিসেবে গড়ে উঠুক—যাদের লক্ষ্য হবে পরিবার, দেশ ও মানুষের কল্যাণে কাজ করা।
সমাজের মুরুব্বি ও সৎ মানুষদের সম্মান রক্ষা এবং সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠায় কাজ করার প্রতিশ্রুতি দিয়ে গিয়াসউদ্দিন বলেন, একই সঙ্গে সব শিক্ষা প্রতিষ্ঠানকে রাজনৈতিক প্রভাবমুক্ত রাখার উদ্যোগ নেওয়া হবে।
পথসভায় শহিদুল্লাহ ভূঁইয়ার সভাপতিত্বে এবং নজরুল ইসলাম স্বপনের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সোনারগাঁ থানা যুবদলের সাবেক আহ্বায়ক শহিদুর রহমান স্বপন, সাদীপুর ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আমির হোসেন, আশরাফ প্রধান, বীর মুক্তিযোদ্ধা জসিম উদ্দিন, কাজী মনির, বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাই ভূঁইয়া, দেওয়ান মজিবুর রহমান, মোহাম্মদ রফিক, মোফাজ্জল হোসেনসহ স্থানীয় নেতৃবৃন্দ।



















