দলীয় সিদ্ধান্ত অমান্য ও সংগঠনবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে নারায়ণগঞ্জ জেলার ফতুল্লা থানা বিএনপির ১০ জন নেতা-কর্মীকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।
রোববার (১ ফেব্রুয়ারি) দুপুরে বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীর স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্তের কথা জানানো হয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, বহিষ্কৃত নেতারা দলের নির্দেশনা উপেক্ষা করে বিএনপির আরেক বহিষ্কৃত স্বতন্ত্র প্রার্থী মুহাম্মদ গিয়াসউদ্দিন ও মোহাম্মদ শাহ আলমের পক্ষে নির্বাচনী প্রচারণায় অংশ নেন, যা দলীয় শৃঙ্খলার পরিপন্থি।
বহিষ্কৃতদের মধ্যে রয়েছেন—ফতুল্লা থানা বিএনপির সহ-সভাপতি সুলতান মাহমুদ মোল্লা, কুতুবপুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি বিল্লাল হোসেন, ফতুল্লা থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক হাসান আলী, সহ-সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম বিপ্লব ও মো. মুসলিম আহমেদ, যুগ্ম সম্পাদক অ্যাডভোকেট আক্তার খন্দকার, থানা বিএনপির সদস্য জাহিদ হাসান রোজেল, নজরুল ইসলাম পান্না, আলম এবং কুতুবপুর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড বিএনপির সহ-সভাপতি আব্দুর রাজ্জাক।
দলীয় সিদ্ধান্ত অনুযায়ী, বহিষ্কৃত এসব নেতা-কর্মীর সঙ্গে বিএনপির কোনো পর্যায়ের নেতাকর্মীকে সাংগঠনিক সম্পর্ক না রাখার নির্দেশ দেওয়া হয়েছে।
দলীয় সূত্র জানায়, ভবিষ্যতে বিএনপির শৃঙ্খলা ও সাংগঠনিক কাঠামো শক্তিশালী করতে এ ধরনের ব্যবস্থা আরও কঠোরভাবে বাস্তবায়ন করা হবে।




















