নারায়ণগঞ্জ-৪ (ফতুল্লা–সদর) আসনে বিএনপি জোটের প্রার্থী মুফতি মনির হোসেন কাসেমী অভিযোগ করে বলেছেন, প্রশাসন ও সরকারের ভেতরে এখনো কিছু দোসর সক্রিয় রয়েছে, যারা নানা ষড়যন্ত্রের মাধ্যমে বিএনপি জোটকে ক্ষমতায় যেতে বাধা দেওয়ার চেষ্টা করছে। তবে এসব ষড়যন্ত্র কোনোভাবেই সফল হবে না বলে তিনি দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।
রোববার (১ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১১টায় ফতুল্লার গোগনগর বাজারে নির্বাচনী প্রচারণাকালে তিনি এসব কথা বলেন।
মুফতি কাসেমী বলেন, অতীতের প্রতিটি গণআন্দোলন ও নির্বাচনে বিএনপি জনগণের শক্তিতে বিজয় অর্জন করেছে। তিনি ১৯৪৭, ১৯৭১, ১৯৯০ এবং ২০০১ সালের রাজনৈতিক ঘটনাপ্রবাহের কথা উল্লেখ করে বলেন, আন্দোলন ও ঐক্যের মাধ্যমেই বিএনপি বারবার বিজয়ী হয়েছে। তিনি আরও দাবি করেন, ২০২৪ সালের টানা আন্দোলনের ফলেই শেখ হাসিনাকে দেশ ছাড়তে বাধ্য হতে হয়েছে।
আসন্ন নির্বাচনের প্রসঙ্গে তিনি বলেন, আগামী ১২ ফেব্রুয়ারি হবে আরেকটি আন্দোলনের দিন এবার তা হবে ভোটের মাধ্যমে। তার ভাষায়, এটি হবে ‘ভোটের বিপ্লব’ ও ‘সিল মারার বিপ্লব’। তিনি বলেন, খেজুর গাছে ভোট পড়লে ধানের শীষেরই জয় হবে এবং বিএনপি ক্ষমতায় আসবে।
মুফতি কাসেমী আরও বলেন, বিএনপি জোট সরকার গঠন করলে তারেক রহমান প্রধানমন্ত্রী হবেন এমন প্রত্যাশা জনগণের মধ্যে তৈরি হয়েছে।
এ সময় নির্বাচনী প্রচারণায় উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সদস্য সচিব আবু আল ইউসুফ খান টিপু, বিএনপি নেতা শওকত হাশেম শকু, জমিয়তে উলামায়ে ইসলামের সাধারণ সম্পাদক মাওলানা ফেরদাউসু রহমানসহ বিএনপি ও জোটভুক্ত দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।



















