নারায়ণগঞ্জে তালিকাভুক্ত সন্ত্রাসী ও মাদক কারবারিকে গ্রেপ্তারের উদ্দেশ্যে সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। অভিযানে বিপুল পরিমাণ মাদক, নগদ অর্থ এবং দেশীয় অস্ত্র উদ্ধার করা হলেও মূল অভিযুক্ত জাহিদ পালিয়ে যেতে সক্ষম হন।
সোমবার (২ ফেব্রুয়ারি) রাত ১০টায় গলাচিপা এলাকার কলেজ রোডে অভিযান পরিচালনা করা হয়। আইনশৃঙ্খলা বাহিনী সূত্রে জানা গেছে, অভিযানের মূল লক্ষ্য ছিল জাহিদকে গ্রেপ্তার করা। যৌথ বাহিনীর উপস্থিতি টের পেয়ে সে পালিয়ে যায়, কিন্তু তার চার সহযোগী—মো. দিদার (৫৫), সান্তো (২৪), মো. রিয়াজ (২৭) ও মো. রিফাত (২৬)—গ্রেপ্তার হয়।
অভিযানে উদ্ধার করা হয়েছে ৪৪২ পিস ইয়াবা ট্যাবলেট, নগদ ১ লাখ ২৩ হাজার ২০০ টাকা এবং ৬টি দেশীয় অস্ত্র। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন এবং পলাতক জাহিদকে ধরতে অভিযান ও গোয়েন্দা তৎপরতা জোরদার করা হয়েছে।
সেনাবাহিনী ও পুলিশ জানায়, নারায়ণগঞ্জসহ সারাদেশে মাদক ও সন্ত্রাস দমন অভিযানে এ ধরনের যৌথ অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।



















