নারায়ণগঞ্জ-৪ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী শাহ আলম ভোটারদের উদ্দেশে দুর্নীতি ও সন্ত্রাসমুক্ত রাজনীতির প্রতিশ্রুতি দিয়েছেন। তিনি বলেন, নির্বাচিত হলে সরকারের কোনো অর্থ তছরুপ করবেন না এবং কোনো ধরনের কমিশন বাণিজ্যে জড়াবেন না। পাশাপাশি চাঁদাবাজ, সন্ত্রাসী, মাদক ব্যবসায়ী ও ভূমিদস্যুদের কখনোই প্রশ্রয় দেওয়া হবে না।
বুধবার (৪ ফেব্রুয়ারি) বিকেলে সদর উপজেলার গোগনগর ইউনিয়নে নির্বাচনী গণসংযোগকালে তিনি এসব কথা বলেন।
শাহ আলম বলেন, “আমি আপনাদের কাছে একবারের মতো ভোট প্রার্থনা করছি। দয়া করে আমাকে নির্বাচিত করে দেখুন। এলাকার সন্তান হিসেবে আমি এই অঞ্চলের সার্বিক উন্নয়নে কাজ করবো।”
নিজের পরিচয় তুলে ধরে তিনি বলেন, তিনি ফতুল্লার সন্তান এবং জনগণের স্বতন্ত্র প্রার্থী হিসেবে হরিণ প্রতীক নিয়ে নির্বাচনে অংশ নিয়েছেন। গত ১৭ বছর ধরে ফতুল্লাসহ আশপাশের এলাকাগুলো উন্নয়ন থেকে বঞ্চিত হয়েছে বলেও অভিযোগ করেন তিনি।
তিনি আরও বলেন, “এই দীর্ঘ সময়ে দৃশ্যমান কোনো উন্নয়ন হয়নি। শুধু উন্নয়ন নয়, অনেক ক্ষেত্রেই ভোটাধিকার কার্যকর হয়নি। কিন্তু এবার আপনারা স্বতঃস্ফূর্তভাবে ভোট দেবেন এলাকার উন্নয়ন ও দেশের স্বার্থে।”
নিজেকে ‘ক্লিন ইমেজের মানুষ’ হিসেবে উল্লেখ করে শাহ আলম বলেন, তার কোনো বাহিনী বা দল নেই। আগামী ১২ ফেব্রুয়ারি হরিণ মার্কায় ভোট দিয়ে তাকে নির্বাচিত করলে এলাকাবাসীকে সঙ্গে নিয়েই উন্নয়ন কার্যক্রম বাস্তবায়ন করবেন বলে আশ্বাস দেন তিনি।
শেষে তিনি বলেন, “আপনাদের ভোট ও সমর্থন পেলে, ইনশাআল্লাহ, সততা ও স্বচ্ছতার সঙ্গে এলাকার উন্নয়ন নিশ্চিত করবো।”



















