সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন মরহুমা বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল এবং বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী অ্যাডভোকেট আবুল কালামের সমর্থনে নির্বাচনী উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৪ ফেব্রুয়ারি) রাত ৮টায় বন্দর উপজেলার কলাগাছিয়া ইউনিয়নের নরপদী এলাকায় পঞ্চায়েত কমিটির উদ্যোগে দোয়া মাহফিল শেষে এ উঠান বৈঠক অনুষ্ঠিত হয়।
নরপদী এলাকার সমাজসেবক আবুল খায়ের প্রধানের সভাপতিত্বে আয়োজিত উঠান বৈঠকে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক আবুল কাউছার আশা।
তিনি বলেন, “আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত মানুষের ভোটাধিকার প্রতিষ্ঠার জন্য সংগ্রাম করে গেছেন। আজ আমরা তাঁর বিদেহী আত্মার মাগফিরাত ও শান্তি কামনা করছি।”
তিনি আরও বলেন, “নির্বাচন এলেই কিছু প্রার্থী মসজিদ-মন্দিরে টাকা দিয়ে ভোট কেনার চেষ্টা করে। আপনারা সামান্য টাকার বিনিময়ে আপনাদের বিবেক ও পবিত্র আমানত ভোট বিক্রি করবেন না।”
গ্যাস সমস্যার প্রসঙ্গ তুলে ধরে আবুল কাউছার আশা বলেন, “এখানে এসে মা-বোনদের কাছ থেকে গ্যাস সংকটের কথা শুনেছি। বিএনপি ক্ষমতায় এলে সবার আগে এ সমস্যার সমাধানে কার্যকর উদ্যোগ নেওয়া হবে।”
কলাগাছিয়া ইউনিয়ন বিএনপি নেতা সাত্তারের সঞ্চালনায় অনুষ্ঠিত দোয়া ও উঠান বৈঠকে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বন্দর থানা বিএনপির সাবেক সভাপতি হাজী নূর উদ্দিন।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আওলাদ হোসেন, বন্দর শহর বিএনপির সাবেক সভাপতি নূর মোহাম্মদ পনেছ, বন্দর উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মহিউদ্দিন শিশির, কলাগাছিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি শাহাদুল্লাহ মুকুল ও সাধারণ সম্পাদক নজরুল ইসলাম।
এছাড়াও উপস্থিত ছিলেন কলাগাছিয়া ইউনিয়ন বিএনপি নেতা হাবিব মেম্বার, মনির মেম্বার, হাজী জাকির হোসেন, আনোয়ার হোসেন, সাহাদাত হোসেন, ফারুক, রিপনসহ স্থানীয় এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।




















