নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁও–সিদ্ধিরগঞ্জ) আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত হাতপাখা প্রতীকের প্রার্থী ও সাবেক রাষ্ট্রদূত গোলাম মসীহ্ বলেছেন, নির্বাচিত হলে বারদী শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারী আশ্রমকে আন্তর্জাতিক মানের ধর্মীয় ও পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে তোলা হবে। এর মাধ্যমে দেশি-বিদেশি পর্যটক আকর্ষণ এবং স্থানীয় অর্থনৈতিক কর্মকাণ্ড বাড়ানোর উদ্যোগ নেওয়া হবে।
শুক্রবার (৬ ফেব্রুয়ারি) দুপুর ১২টায় সোনারগাঁয়ের বারদী লোকনাথ আশ্রমে আশ্রম কর্তৃপক্ষের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, আশ্রমে আগত ভক্ত ও পর্যটকদের সুবিধার্থে দীর্ঘদিনের গাড়ি পার্কিং সমস্যার স্থায়ী সমাধান, প্রয়োজনীয় ভূমি অধিগ্রহণ এবং আধুনিক আবাসন ও আশ্রয়কেন্দ্র নির্মাণ তার অগ্রাধিকার তালিকায় থাকবে।
মতবিনিময়কালে আশ্রমের বর্তমান বিভিন্ন সমস্যা ও সীমাবদ্ধতার কথা শোনেন গোলাম মসীহ্ এবং নির্বাচিত হলে সেগুলো বাস্তবভিত্তিক পরিকল্পনার মাধ্যমে সমাধানের আশ্বাস দেন।
এ সময় উপস্থিত ছিলেন সাবেক প্রেস মিনিস্টার (বাংলাদেশ দূতাবাস, ওয়াশিংটন ডিসি) গোলাম এরশাদ, সোনারগাঁও থানা নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক মুহা. ফারুক মুন্সি, সমন্বয়কারী মাওলানা আবুল কালাম আজাদীসহ স্থানীয় নেতৃবৃন্দ ও আশ্রম পরিচালনা কমিটির সদস্যরা। প্রার্থীর পরিকল্পনায় সন্তোষ প্রকাশ করেন আশ্রম সংশ্লিষ্টরা।



















